ইসলামী জঙ্গীদের উত্থানে সরকার বিব্রত এবং উদ্বিগ্ন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশে জামাআ’তুল মুজাহিদীনের মত ইসলামী জঙ্গী দলগুলোর উত্থানে সরকার একইসাথে বিব্রত এবং উদ্বিগ্ন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সাথে এক সভায় প্রতিমন্ত্রী বলেন, সরকারের একার পক্ষে এদের নির্মূল করা সম্ভব নয়, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে।
জেএমবি’র ‘সুসাইড স্কোয়াড’ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সুইসাইড স্কোয়াডের ব্যাপারে বাবর বলেন, দেশের সন্ত্রাসের ক্ষেত্রে এটা একটা নতুন মাত্রা।
সমাজ থেকে সন্ত্রাস দুর করতে প্রতিমন্ত্রী পুলিশের পাশাপাশি জনগণকে কমিউনিটি নিরাপত্তা পদ্ধতি তৈরীর উপর জোর দেন।
সভায় পুলিশের আইজিপি আব্দুল কাইয়ুম, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান, র্যাব, বিডিআর, আনসারের মহাপরিচালকগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের নেতৃত্বে ব্যবসায়ীরা এই সভায় যোগ দেন।
সভার একটি সূত্র জানায়, সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ মিরপুরের বালুঘাট এলাকা থেকে অবৈধ মাদক ব্যবসা উচ্ছেদের জন্য সরকারের প্রতি দাবি জানান। এসময় তারা ব্যবসায়ী শহীদুল আলমের নৃশংস হত্যাকান্ডের তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান।
ব্যবসায়ীরা নিউমার্কেট এলাকার চাঁদনীচক থেকে হকার উচ্ছেদ করে সেখানে একটি কারপার্কিং তৈরীর আবেদন জানান। তারা অভিযোগ করেন, সিটি করপোরেশনের একশ্রেনীর কর্মকর্তা এবং পুলিশ ঘুষ নিয়ে এসব অবৈধ হকারদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে।
রাজধানীর উত্তরায় গাড়ী চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ব্যবসায়ী নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালানোর অনুরোধ জানান।
রাজধানীতে ব্যবসার নামে বিভিন্ন অপরাধের সাথে জড়িত প্রায় পাঁচশ’ প্রতারক চক্রের বিরুদ্ধে অবিলম্বের ব্যবস্থা গ্রহণের দাবি জানান ব্যবসায়ীরা।
