পটুয়াখালী ব্রীজের দড়ি এখন মরণফাঁস
নির্মাণ কাজ শেষ হওয়ার পরও শুধু উদ্বোধন না হওয়ার কারণে পটুয়াখালী ব্রীজ এখন মরণফাঁসে পরিণত হয়েছে।
ব্রীজে বাঁধা দড়িতে আটকা পড়ে গত চার মাসে ৫০ টি দুর্ঘটনায় চারজন নিহত এবং দুইশ’রও বেশি লোক আহত হয়েছে।
এদের মধ্যে মোটর সাইেকেল আরোহীর সংখ্যাই বেশি ছিল। এসব মোটরসাইকেল চালক ব্রীজে উঠার সময় দড়িতে বাঁধা পেয়ে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুমুখে পতিত হয়েছে।
উদ্বোধন না হওয়ার কারণে ব্রীজে আড়াআড়িভাবে দড়ি বেঁধে রাখা হয়েছে। রাতের বেলায় এ দড়িতে আটকা পড়ে দুর্ঘটনা ঘটছে।
বাউফল উপজেলার মোটর চালক বলরাম হালদার (২৫) সোমবার রাতে রাশ উৎসব শেষে কুয়াকাটা থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান।
সদর উপজেলার উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা মোস্তাফিজুর রহমান (৪০) ২৭ অক্টোবর অফিস থেকে বাসায় ফেরার পথে একইভাবে ওই ব্রীজে মারা যান।
আগস্ট এবং সেপ্টেম্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আব্দুল কুদ্দুস (২৮) এবং মোহাম্মদ ফারুক (৩২) পটুয়াখালী ব্রীজ অতিক্রম করার সময় পৃথক দুর্ঘটনায় মারা যান।
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, চলতি বছরের জুলাই মাসের শেষদিকে ব্রীজের নির্মাণ কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদাররা কর্তৃপক্ষের কাছে ব্রীজের কাজ বুঝিয়ে দিয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের উদাসীনতার কারণে পটুয়াখালী ব্রীজে অসংখ্য দুর্ঘটনা সংঘঠিত হচ্ছে এলাকাবাসীর ধারণা।
