বিএসএফের গুলিতে রৌমারি সীমান্তে বাংলাদেশী কিশোর নিহত
কুড়িগ্রাম জেলার রৌমারি সীমান্তে বুধবার বিএসএফের গুলিতে এক বাংলাদেশী কিশোর নিহত হয়েছে। ঘটনার পর থেকে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
নিহত কিশোরের নাম আছির উদ্দিন (১৪)। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
বিডিআর ও স্থানীয় সূত্র জানায়, রৌমারির আলগারচর গ্রামের কিশোর আছির উদ্দিন আন্তর্জাতিক সীমানা পিলারের ১৭১ এবং ১২৭ এর পাশ্ববর্তী জিরোলাইন ঘেঁষা জমিতে ঘাস কাটছিলো। এসময় বলদানগিরী বিএসএফ ক্যাম্প থেকে একটি টহল দল বিনা উস্কানিতে ওই শিশুকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে সে ঘটনাস্থলেই নিহত হয়। বিএসএফ তার লাশ টেনে-হিঁচড়ে নিয়ে যায়।
বিডিআর সূত্র জানায়, তারা ঘটনার প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত ও পতাকা বৈঠকের প্রস্তাব দিলেও বিএসএফ-এর পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি।
