২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র ঋণ, সঞ্চয় প্রকল্পে সহায়তা বাড়াবে বৃটেন

কোনও বৃটিশ মন্ত্রী হাজির হবেন তার ক্ষুদ্র কুটিরে-তা স্বপ্নেও ভাবেননি চুয়াল্লিশ বছর বয়সী হামিদা। তারপর আবার ক্ষুদ্র ঋণ নিয়ে গত দুই বছর ধরে হামিদা যে তার জীবনটাকে ব্যাপক বদলে ফেলেছেন, সে ব্যাপারে বৃটিশ মন্ত্রীর প্রশংসায় তার যেন বাস্তবে ফিরে আসতেই কষ্ট হচ্ছিলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

তিন বছর আগে মাত্র ৩,০০০ টাকায় একটি সেলাই মেশিন দিয়ে যাত্রা শুরু করেন হামিদা। এখন তিনি বাড্ডায় একটি টেইলারিং দোকানের মালিক। কেবল তা-ই নয়, তার অধীনে এখানে কাজ করছে বেশ কিছু কর্মী।

ক্ষুদ্র ঋণ তার মতো অনেকের ভাগ্য কিভাবে পাল্টে দিয়েছে, দেখতে বৃটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কিম হোয়েলস বুধবার বিকেলে হামিদার দোকানে হাজির হন। এসময় হামিদা বিডিনিউজকে বলেন, ‘এবার ঈদের সময় এই টেইলারিং দোকান থেকে আমি এক লাখ টাকা আয় করেছি। এখন আমি আত্মনির্ভরশীল।’

হামিদা যে বেসরকারি সংস্থা থেকে মাত্র ৩,০০০ টাকা নিয়ে এ যাত্রা শুরু করেছিলেন, তার নাম ‘দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র’। শহুরে দরিদ্রদের ভাগ্যোন্নয়নে সারা দেশে মোট ৬৫টি কেন্দ্রের মাধ্যমে এ সংস্থাটি কাজ করে যাচ্ছে। এর মধ্যে কেবল ঢাকায়ই রয়েছে ১৮টি কেন্দ্র। বৃটেনের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’র (ডিএফআইডি) সহায়তায় কাজ করছে এ সংস্থাটি।

হামিদা ছাড়াও বাড্ডার আরো অনেকে ক্ষুদ্র ঋণ নিয়ে তাদের ভাগ্য উন্নয়ন করেছেন। ড. কিম তাদের সঙ্গেও কথা বলেন। এসময় ড. কিমকে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উপস্থিত ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের উদ্দেশে বৃটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আপনাদের ভাগ্য উন্নয়নের এটি একটি উত্তম পন্থা। নিজের কাজের প্রতি মানুষের আগ্রহ থাকলে তার ভবিষ্যত পাল্টাতে বাধ্য। আপনারা নিজেদেরকে এক সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিচ্ছেন। তিনি বলেন, বৃটেনের মতো এখানেও (বাংলাদেশে) অনেক মেয়েরা ব্যবসা করছে।

পরে ড. কিম হোয়েলস সাংবাদিকদের বলেন, ক্ষুদ্র ঋণ নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনে কঠোর পরিশ্রমী এসব নারীর উৎসাহ ও দক্ষতা দেখে তিনি মুগ্ধ। তিনি বলেন, বাংলাদেশে ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে তাদের সহায়তা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরো বৃদ্ধি পাবে।

এসময় ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

বৃটিশ হাইকমিশনার বলেন, বৃটিশ সরকার বাংলাদেশের দরিদ্রদের ভাগ্য উন্নয়নে প্রচুর অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, মধ্যবিত্তদের পরিবর্তে দরিদ্রদের সরাসরি অর্থ সহায়তা দিতে চায় বৃটেন।

দরিদ্রদের সাহায্য প্রদানে এনজিওর গ্রহণযোগ্যতা নিশ্চিত করা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আনোয়ার চৌধুরী বলেন, আমরা সকল এনজিওর গ্রহণযোগ্যতা বজায় রাখি। কেননা তাদের কার্যক্রম অডিট করা হয়। এছাড়াও মধ্যবিত্তদের চেয়ে দরিদ্ররা যাতে বেশি উপকৃত হয়, সে ব্যাপারেও আমরা জোর দিচ্ছি।