২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগের ওপর সন্ত্রাসী হামলা বাংলাদেশে গণতন্ত্রের জন্যে বিরাট হুমকি

সফররত ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী কিম হাওয়েলস বলেছেন, বিচার বিভাগের ওপর সন্ত্রাসী হামলা বাংলাদেশে গণতন্ত্রের জন্যে বিরাট হুমকি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বুধবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সঙ্গে বৈঠক শেষে হাওয়েলস বলেন, চাইলে তার সরকার বাংলাদেশকে বোমা বিস্ফোরক ও ফিঙ্গারপ্রিন্ট চিহ্নিতকরণসহ টেকনিক্যাল সহায়তা প্রদান করবে।

তিনি বলেন, এছাড়া ব্রিটিশ সরকার সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্যে তথ্য বিনিময়ের মাধ্যমে সহায়তা করবে।

হাওয়েলস দেশব্যাপী সাম্প্রতিক বোমা হামলা এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীকে হত্যার চেষ্টা নিয়েও মন্তব্য করেন।

এ সময় ব্রিটিশ মন্ত্র¿ীর সঙ্গে আনোয়ার চৌধুরীও উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে বোমা হামলায় দুই বিচারক নিহতের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ধর্মের নামে এ ধরণের সন্ত্রাসী কার্যক্রম ও মানুষ হত্যা করলেও হত্যাকারিরা প্রকৃতপক্ষে ইসলাম চায় না।

এক প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার সাংবাদিকদের বলেন, গত বছর সিলেটে তার ওপর গ্রেনেড হামলাকারিদের খুঁজে বের করতে বাংলাদেশ সরকার সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রকৃত অপরাধিদের অবশ্যই বিচারের ব্যবস্থা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।