পাবনায় বিচারককে হত্যার হুমকি দিয়ে জেএমবি’র চিঠি, শহরে রেড অ্যালার্ট
পাবনায় বিচারককে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এ ঘটনায় আদালত অঙ্গনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাবনা জজ কোর্টসহ গুরুত্বপূর্ণ স্থানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বাংলা ভাই, জেএমবি, জনযুদ্ধ এবং আল কায়েদার নামে পাঠানো এ চিঠিতে যুগ্ম জেলা জজ ও অর্থঋণ আদালতের ভারপ্রাপ্ত জজ শরিফ মোস্তফা করিমকে হত্যার হুমকি দেওয়া হয়। শরিফ মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করেন। দেড় মাস আগে একই ভাবে কয়েক বিচারককে হত্যার হুমকি দেওয়া হয়।
এ ব্যপারে যোগাযোগ করা হলে পাবনার পুলিশ সুপার এম খুরশিদ হোসেন জানান, আদালত এবং বিচারকসহ সংশ্লিষ্টদের নিরাপত্তায় সতর্কামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাবনা জজ আদালত ও ডিসি অফিসসহ গুরুত্বপূর্ণ স্থানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
