২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ক্রসফায়ারে ডাকাত সর্দার নিহত

কক্সবাজারের ঈদগাঁও এলাকার ভাদিতলার গহীন অরণ্যে বুধবার ভোরে পুলিশের ক্রসফায়ারে ডাকাত সর্দার নিহত হয়েছে। এ ঘটনায় আরেক ডাকাত আহত হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 05:39 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

নিহত ডাকাত সর্দারের নাম আবুল কালাম প্রকাশ কালাইম্যা।

পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে ঈদগাঁও ঈদগড় সড়কের হিমছড়ি এলাকায় ডাকাতরা একটি মাইক্রোবাসের গতি রোধ করে যাত্রীদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেয়। এর চার ঘন্টা পর পুলিশ দু’টি দেশি কাটা বন্দুক, দা, কিরিচ ও ডাকাতি করা মালামালসহ কালাইম্যাসহ আট ডাকাতকে আটক করে । অন্য সাত ডাকাত হল-নুরুল আমিন, শাহজাহান, আনছারুল করিম, মোজাম্মেল, নুরুল হক, এহসান ও দানু মিয়া।

পুলিশের জিজ্ঞাসাবাদে কালাম তার অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তাকে নিয়ে রাত আড়াইটার দিকে অস্ত্র উদ্ধারে বের হয়। ভোর ৩টার দিকে ভাদিতলার গহীন অরণ্যে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা কালামের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এর এক পর্যায়ে কালাইম্যা ক্রসফায়ারে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় তার অপর সহযোগী শাহাজাহান গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। শাহাজাহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।