চট্টগ্রামের বিচারকদের নিরাপত্তার কোনও পদক্ষেপ নেয়া হয়নি
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাস সত্বেও গানম্যান দেওয়াতো দূরের কথা চট্টগ্রামের বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও নেয়া হয়নি।
বিচারকদের বাসভবন, কর্মস্থল ও আসা যাওয়ার পথে নিরাপত্তা দেয়ার ব্যাপারে চট্টগ্রাম পুলিশ এখন পর্যন্ত উর্ধ্বতন কর্তৃপক্ষের কোনও নির্দেশনা পায়নি।
কয়েকজন জজ ও ম্যাজিস্ট্রেট নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা এখনও আগের মতো পুলিশ পাহারা ছাড়াই অফিসে আসা যাওয়া করছি।
ঝালকাঠিতে বোমা হামলায় দুই বিচারক নিহত হওয়ার পর চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের ৮০জন বিচারক এখনও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
চট্টগ্রাম মেট্্েরাপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাজেদুল হক বিডিনিউজকে জানিয়েছেন, বিচারকদের পুলিশ পাহারা দেওয়ার জন্যে কর্তৃপক্ষের কোনও নির্দেশনা না পেলেও সর্বোচ্চ সতর্কতার সাথে আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।
সিএমপি কমিশনার বিচারকদের বাসভবন ও কর্মস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করলেও বিচারকরা বলেছেন ব্যক্তি পর্যায়ের নিরাপত্তা এখনো সুদূর পরাহত।
জেলা ও দায়রা জজ পদমর্যাদার আটজন বিচারককেও সার্বক্ষনিক নিরাপত্তা দেওয়া যায়নি।
সোমবার ঝালকাঠিতে বোমা হামলার পর চট্টগ্রামের আদালতে নিরাপত্তা জোরদার করা হলেও মঙ্গলবার জনসমাগম ছিল অনেক কম।
