২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমাতঙ্ক: ঢাকার আদালত পাড়া থমথমে, বিচারকাজ বিঘ্নিত

ঢাকার আদালত পাড়ায় মঙ্গলাবারও বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীদের মধ্যে বোমা আতঙ্ক বিরাজ করে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

প্রতিটি এজলাসেই নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এজলাস কক্ষে আইনজীবী ছাড়া কোনও বিচার প্রার্থীদের ঢুকতে দেওয়া হয়নি। মেটাল ডিটেকটর দিয়ে পরীক্ষার পর শধু সংশ্লিষ্ট মামলার বিচার কাজে প্রয়োজনীয় ব্যাক্তিকে ঢুকতে দেওয়া হয়েছে। কারাগার থেকে কোনও মামলার শীর্ষ সন্ত্রাসী আসামিকে আদালতে হাজির করা হয়নি।

এদিকে জুডিশিয়াল সর্ভিসেস অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকার জেলা জজ মো. রফিকুল ইসলমের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতির সঙ্গে বিচারকদের নিরাপত্তা বিষয়ে আলোচনার জন্যে সাক্ষাৎ করেছেন। তারা আদালতের বিরাজমান পরিস্থিতির বিষয়টি প্রধান বিচারপতিকে অবহিত করেন।

ইসলামী জঙ্গিবাদীদের হুমকির মুখে বিচারকাজ পরিচালানা করতে গিয়ে ঝালকাঠিতে বোমা হামলায় দু’জন বিচারকের প্রাণহানির পর বিচারকদের নিরাপত্তার ব্যাপারে সরকারের কাছে কী কী ব্যবস্থা চাওয়া যেতে পারে, সে ব্যাপারে এসময় আলোচনা হয়।

এদিকে মঙ্গলবার ঢাকার জেলা জজ, মহানগর দায়রা জজ, মুখ্য মহানগর হাকিম এবং ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণের সবগুলো প্রবেশ পথেই র‌্যাব ও বিভিন্ন গোয়ন্দো সংস্থার সদস্যরা অবস্থান নিয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সবার দেহ তল্লাশি করেছে । এজলাস কক্ষে কালো কোট পড়া ছাড়া অন্য কোনও আইনজীবীকে ঢুকতে দেওয়া হয়নি।

সোমবার ঝালকাঠিতে জেএমবি’র বোমা হামলায় দু’জন বিচারক নিহত হওয়ার পর বিসিএিস জুডিশিয়াল সার্ভিসেস অ্যাসোসিয়েশন নিহত দুই বিচারকের প্রত্যেকের পরিবারের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। অ্যাসোসিয়েশন দেশের জজ আদালতের দু’হাজার বিচারকের প্রত্যেকের জন্যে গানম্যান দাবি করেছে।

এদিকে বিচারক নিহত হওয়ার ঘটনায় ঢাকা আইনজীবী সমিতির সদস্য আইনজীবীরা সোমবারের ঘোষণা অনুযায়ী কলো ব্যাজ ধারণ করে।

ঈদ ও সার্কের ছুটির টানা ১৫ দিন পর সোমবার ঝালকাঠিতে বিচারকের ওপর বোমা হামলায় সারা দেশের গোটা বিচার ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিচারকদের এক মাসের বাৎসরিক ছুটি। এ পরিস্থিতিতে মামলা দ্রুত নিস্পত্তির পরিবর্তে লম্বা তারিখ নির্ধারিত হচ্ছে।