ঠাকুরগাঁওয়ে টাইম বোমা উদ্ধার
ঠাকুরগাঁও টিভি ও বেতার সম্প্রচার কেন্দ্রের কাছ থেকে মঙ্গলবার দুপুরে পুলিশ পরিত্যাক্ত অবস্থায় একটি শক্তিশালি টাইম বোমা উদ্ধার করেছে। ঝালকাঠিতে বোমা হামলায় দু’জন বিচারক নিহত হওয়ার পরদিন এ ঘটনা ঘটলো।
স্থানীয় সূত্র জানায়, আফাজ উদ্দিন নামে এক ব্যক্তি সকালে তার ধান ক্ষেতে বোমাটি দেখতে পান। খবর পেয়ে ঠাকুরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, রেডিও ও টেলিভিশন কেন্দ্রে হামলার উদ্দেশ্যে বোমাটি আনা হয়।
পুলিশ জানায়, বোমাটি পরীক্ষার জন্যে রংপুর সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞদের খবর পাঠানো হয়েছে। তারা এলেই এটি কী ধরনের, তা জানা যাবে।
বোমা উদ্ধারের ঘটনায় ঠাকুরগাঁওয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
