২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক উদ্দেশ্য সাধনে সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার উচিত নয়: সুপ্রিম কোর্ট

রাজনৈতিক দলগুলোর সন্ত্রাস বিরোধী আইন অপব্যবহারে ভারতের সুপ্রিম কোর্ট নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দেশটির সর্বোচ্চ আদালত বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে নয়, কেবল জাতীয় স্বার্থেই এ ধরনের আইন ব্যবহার করা উচিত।

নিজস্ব প্রতিবেদক

টি. ঘোষ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 12:07 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বিচারপতি বি এন আগারওয়াল ও বিচারপতি এ কে মাথুরের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ জানান, ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যে সন্ত্রাস বিরোধী আইন (পোটা) ব্যবহারের প্রচেষ্টার নিন্দা জানানো উচিত। রাজনৈতিক উদ্দেশ্যে আইনটি ব্যবহার করা উচিত নয়। জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে এ আইন প্রণয়ন করা হয়েছে, যাতে করে সন্ত্রাসবাদ জাতির অখণ্ড সার্বভৌমত্ব বিনষ্ট করতে না পারে।

বিতর্কিত স্বতন্ত্র এমএলএ রঘুরাজ প্রতাপ সিং ওরফে রাজা ভাইয়া ও তার তার আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন পোটার আওতায় দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তা মধ্য প্রদেশে প্রেরণ করতে উত্তর প্রদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

রাজা ভাইয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে সরকারি কৌসুলি আদালতের কাছে আবেদন করায় সুপ্রিম কোর্ট কঠোর সমালোচনা করেন।

একে-৪৭, একে-৫৬ রাইফেলসহ কারবাইন এবং অন্যান্য আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হওয়ায় ২০০৩ সালের এপ্রিলে তৎকালীন মায়াবতী সরকার তাদের বিরুদ্ধে পোটার আওতায় মামলা দায়ের করে। বর্তমান মুলায়েম সিং সরকার ক্ষমতায় আসার পর পোটার আওতায় আনীত এ অভিযোগ প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নেয়।