রাজধানীতে র্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত
রাজধানীর কাফরুলে মঙ্গলবার ভোরে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাবের) ক্রসফায়ারে একজন সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহত সন্ত্রাসীর নাম হাজী শাহ আলম।
র্যাব সূত্র জানায়, সোমবারে হাজী শাহ আলমকে গুলিস্তান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সে র্যাবের কাছে তার সহযোগী এবং অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।
আলমের স্বীকারোক্তি অনুযায়ী র্যাব-এর একটি দল মঙ্গলবার ভোরের দিকে তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য কাফরুল এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়।
র্যাবও পাল্টা গুলি চালায়। এসময় শাহ আলম র্যাব হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
র্যাব জানায়, তার বিরুদ্ধে কাফরুল থানায় চাঁদাবাজি, হত্যাসহ ১৬টি মামলা রয়েছে।
