২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা, মাদারীপুর ও বরিশালে সড়ক দুর্ঘটনায় চালক ও শিশুসহ নিহত ৪, আহত ২৭

ঢাকা, বরিশাল ও মাদারীপুরে সোমবার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চালকসহ চারজন নিহত এবং অপর ২৭ জন আহত হয়েছে। এরমধ্যে ঢাকার কেরানীগঞ্জে দুজন, বরিশালে একজন এবং মাদারীপুরে একজন নিহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 08:58 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বিডিনিউজের কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুরে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-মাওয়া রুটের ইলিশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দু’জন নিহত এবং অপর ২০ জন আহত হয়।

নিহতদের মধ্যে একজন অজ্ঞাত পুরুষ (৩৫) এবং একজন অজ্ঞাত মহিলা (৫৫)।

আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

বরিশাল প্রতিনিধি জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের দোয়ারিকা-শিকারপুর ব্রীজের নতুন হাট নামক স্থানে যাত্রীবাহী একটি বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক নিহত এবং অপর সাতজন আহত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাকুরা পরিবহনের একটি বাসের সাথে ট্রাকের এ মুখোমুখি সংঘর্ষে বাসের চালক চাঁন মিয়া (৫০) নিহত হয়। এ ঘটনায় বাসের ছয়জন যাত্রী এবং ট্রাকের চালক আহত হয়। এর মধ্যে আহত বাসযাত্রী অজ্ঞাত এক যুবকের অবস্থা আশংকাজনক।

এদিকে মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুর-বরিশাল মহাসড়কের সদর উপজেলার চোকদার সেতুর কাছে কাছে বাসের চাকায় পিষ্ট হয়ে আট বছরের একটি শিশু নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফুফুর বাড়িতে বেড়াতে এসে আট বছরের শিশু কন্যা কুনি রাস্তা পার হওয়ার সময় চন্দ্রা পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।