সরকার বিচারকদের গানম্যান দেয়ার ব্যাপারে ভাবছে
ঝালকাঠীতে বোমা হামলায় সোমবার দুই বিচারক নিহত হওয়ার পর সরকার দেশব্যাপী বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেকের জন্য দু’জন করে গানম্যান নিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করছে।
এছাড়া আদালতে যাওয়া এবং বাসায় ফেরার সময় বিচারকদের এসকর্ট করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত অনির্ধারিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১৩তম সার্ক শীর্ষ সম্মেলনের সাফল্য পর্যালোচনার জন্য এ বৈঠকে ঝালকাঠীতে দুইজন বিচারক হত্যার বিষয়টি প্রধান আলোচ্য হয়ে ওঠে।
বিচারক ও অন্যান্যের ওপর যাতে আর কোনও হামলার ঘটনা না ঘটে, সে ব্যাপারে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
ম্যাজিস্ট্রেটদের পুলিশ প্রটেকশন দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। তবে পুলিশের স্বল্পতার কারণে এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি।
এছাড়া প্রতিমন্ত্রী ঘৃণ্য সন্ত্রাসী তৎপরতা বন্ধে পুলিশকে সহয়তা করার ব্যাপারে সারাদেশে স্থানীয় নেতৃবৃন্দ এবং মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের উদ্বুদ্ধ করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
প্রতিমন্ত্রী স্থানীয় নেতাদের সাথে আলোচনা করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন এবং এলাকায় অপরিচিত লোকদের ঢুকতে না দেওয়ার জন্য জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।
সোমবার বোমা বিস্ফোরণে ঝালকাঠীতে দুই বিচারক নিহত হওয়ার পরপরই এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইসলামি জঙ্গি সংগঠনের অজ্ঞাত পরিচয় হামলাকারীরা এ বোমা হামলা চালায়। এ ঘটনায় নিহতরা হচ্ছেন, নলছিটি উপজেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ (৩৫) এবং ঝালকাঠী সদর উপজেলার সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাড়ে (৩৮)। এ ঘটনায় একজন সরকারি কর্মচারী ও সন্দেহভাজন এক হামলাকারী আহত হয়।
সম্মেলন উপলক্ষে ঢাকায় নজিরবিহীন নিরপত্তা নিশ্চিত করা হয় এবং সন্ত্রাস নিমূর্লের ব্যাপারে সম্মেলনে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। কিন্তু সার্ক শীর্ষ সম্মেলন শেষ হওয়ার মাত্র একদিনের মাথায় নৃশংস এ বোমা হামলার ঘটনা ঘটল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্যের মধ্যে পুলিশের আইজিপি আব্দুল কাইয়ুম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান এবং র্যাবের মহাপরিচালক আব্দুল আজিজ সরকার উপস্থিত ছিলেন।
