নেপালের রাজা এবং ভুটানের প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনার সাক্ষাৎ
বাংলাদেশ আওয়ামী লীগ প্রধান এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সোমবার নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব এবং ভুটানের প্রধানমন্ত্রী লিয়োনপো স্যাঙ্গে নেগদুপের সাথে হোটেল শেরাটনে সাক্ষাত করেছেন।
নেতৃবৃন্দ এ অঞ্চলে দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কথা বলেন। শেখ হাসিনা আলোচনায় এ অঞ্চলের জনগনের উন্নয়নে সম্পদের সুষম ব্যবহার, মানব সম্পদ উন্নয়ন ইত্যাদি নিয়ে কথা বলেন বলে জানান হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসের চৌধুরী।
নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেবের সাথে আধ ঘন্টাব্যাপী বৈঠকে শেখ হাসিনা বাংলাদেশ এবং নেপালের উন্নয়ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন। সাবের চৌধুরী বলেন, শেখ হাসিনা এ অঞ্চলের সত্যিকার গনতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ইত্যাদি নিয়ে আলোচনা করেন। তারা মংলা বন্দরকে উন্নয়নের মাধ্যমে আরো কার্যকর করার কথা বলেন।
নেপালের রাজা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবদানের কথা উল্লেখ করেন।
এদিকে ভুটানের প্রধানমন্ত্রী লিয়োনপো স্যাঙ্গে নেগদুপের সাথে সাক্ষাতে শেখ হাসিনা এ অঞ্চলে বাজার বৃদ্ধির জন্যে সার্ক দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান। তারা এ সময় খাদ্য নিরাপত্তাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। ভুটানের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেদেশে যাওয়ার আমন্ত্রন জানান।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কাজী জাফর উল্লাহ এবং সৈয়দ আবুল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
