বোমা হামলায় দু’জন বিচারক নিহত হওয়ায় বিচারকদের আদালত বর্জন, আইনজীবীদের বিক্ষোভ
ঝালকাঠিতে বোমা বিস্ফোরণে দুই বিচারক নিহত হওয়ার ঘটনায় সোমবার সারা দেশে বিক্ষোভের পাশাপাশি ঢাকায় বিচারকরা আদালত বর্জন করেছেন।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস অ্যাসোসিয়েশন এক জরুরি সভায় এ কর্মসূচি আহ্বান করে।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিহত বিচারকদের প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়। এছাড়া নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোসহ সরকারের কাছে একটি দাবিনামা পেশে করেছে অ্যাসোসিয়েশন। দাবি পূরণ না করা হলে ২১ নভেম্বরের পর থেকে সারা দেশের জেলা জজ আদালত বর্জন করা হবে বলে তারা জানিয়েছেন।
ঢাকা দায়রা জজ আদালতের সভাকক্ষে সোমবার অ্যাসোসিয়েশনের ওই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার মুখ্য মহানগর হাকিম এবং জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা উপস্থিত ছিলেন।
এদিকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন হাইকোর্টে আয়োজিত এক জরুরি বৈঠকে ঝালকাঠিতে বোমা হামলায় জজ নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে।
বিডিনিউজ চট্টগ্রাম অফিস জানায়, ঝালকাঠিতে বোমা হামলায় দু’জন বিচারক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিচারকরা জেলা এবং মহানগর আদালত বর্জন করেছেন।
আদালত বর্জনকারী বিচারকরা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছেন।
সারা দেশের বিচারক, আইনজীবী এবং আদালত কর্মচারিদের মধ্যে ঘটনার পর থেকে আতঙ্ক ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এবং তারা আদালত প্রাঙ্গণ ত্যাগ করতে থাকে।
