কুমিল্লা কারাগারে ১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রোববার দিবাগত মধ্যরাতে একজন আসামির ফাঁসি কার্যকর হয়েছে।
ওই আসামির নাম নাছির উদ্দিন (৩৩)।
নাছির উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের মোহাম্মদ হোসেনের পুত্র।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, সোমবার ভোরে নাছিরের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
মামলা সূত্রে জানা যায়, নাছির ১৯৯৬ সালের ২২ মার্চ ওই একই উপজেলার শ্বশুর বাড়ি থেকে রিক্সাযোগে স্ত্রী মর্জিনা বেগমসহ বাড়ি ফেরার পথে যৌতুকের দাবিতে কথা কাটাকাটির এক পর্যায়ে রিক্সার মধ্যেই স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।
দীর্ঘ সাক্ষ্য প্রমাণের পর ব্রাহ্মণবাড়িয়া জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালত ২০০০ সালের ৮ মে নাছির উদ্দিনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে।
