রাষ্ট্রপতির সঙ্গে সার্ক নেতৃবৃন্দের সাক্ষাৎ
শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা ছাড়া সার্কের সকল নেতা রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এরা হলেন সার্কের নবনির্বাচিত চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভুটানের প্রধানমন্ত্রী লিওনপো সাঙ্গেই নেগদুপ, ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, মালদ্বীপের রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম, নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ।
কলম্বোয় জরুরী কাজ থাকায় শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা আগেভাগেই চলে যাওয়ায় প্রেসিডেন্টের সঙ্গে তিনি নির্ধারিত সাক্ষাৎ করতে পারেন নি।
রাষ্ট্র ও সরকার প্রধানদের স্বাগত জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, চলতি সার্ক সম্মেলনের ম্যাধমে দক্ষিণ এশীয় অর্থনৈতিক সহযোগিতা ত্বরান্বিত হবে। সার্ক নেতৃবৃন্দ এই ফোরামকে শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
ইয়াজউদ্দিন আহম্মেদ নবনির্বাচিত চেয়ারপার্সন হিসেবে বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানান এবং এ ব্যাপারে সার্কভুক্ত দেশসমূহের সমর্থন ও সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বলেন।
ভয়াবহ সুনামি ও ভূমিকম্পের ব্যাপারে রাষ্ট্রপতি গভীর শোক শোক প্রকাশ করেন।
সার্ক দেশসমূহের অভিন্ন সমস্যা সন্ত্রাস ও দারিদ্রের বিরুদ্ধে তিনি যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রথম সার্ক অ্যাওয়ার্ড প্রদান করায় তিনি সকল সার্ক রাষ্ট্রসমূহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় ব্যাপক মানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদ রয়েছে। একটি শত্তিশালী আঞ্চলিক অর্থনৈতিক ব্লক হিসেবে আত্মপ্রকাশ করার সকল সম্ভাবনাই এই অঞ্চলের রয়েছে।
রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহমেদ আরও বলেন, সার্ক দেশসমূহের সামনে সমন্বিতভাবে আর্থ-সামাজিক উন্নয়নের চ্যালেঞ্জ রয়েছে। বাণিজ্য উদারীকরণ, বিনিয়োগ, দারিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়নের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, সার্কের তৃতীয় দশকে সার্কের অঙ্গীকারসমূহ বাস্তবায়নের ওপর জোর দিতে হবে।
আগামী বছরের জানুয়ারি থেকে সাফটা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়ায় তিনি সার্ক নেতৃবৃন্দের প্রশংসা করেন। তার মতে, সার্ক দারিদ্র বিমোচনে কার্যকর সহযোগিতা করবে।
