সার্ক ছুটির কারণে শিক্ষা কার্যক্রম পিছিয়ে গেছে
সার্ক সম্মেলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত এক সপ্তাহের ছুটি থাকায় শিক্ষা কার্যক্রম পিছিয়ে গেছে।
রমজান ও পবিত্র ঈদুল ফিতরের পর গত ৮ নভেম্বর সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু সার্ক সম্মেলনের কারণে আরো এক সপ্তাহ অতিরিক্ত ছুটি দেওয়া হয়। ছুটি শেষে ১৪ ও ১৫ নভেম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে।
শিক্ষাবর্ষের শেষ দিকে এসে ৭ দিন অতিরিক্ত ছুটির কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা পিছিয়ে যাচ্ছে।
রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, বেশির ভাগ স্কুলের বার্ষিক পরীক্ষা মধ্য নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। বেশির ভাগ স্কুলই নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
ভিকারুন্নেসা নুন স্কুলের অধ্যক্ষ রোয়েনা হোসেন বিডিনিউজকে বলেন, সার্ক সম্মেলনের কারণে বার্ষিক পরীক্ষা পিছিয়ে নিতে হয়েছে । এ সাত দিনে শিক্ষা কার্যক্রমের যে ক্ষতি হয়েছে, তা পরীক্ষার আগে অতিরিক্ত ক্লাস নিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।
কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিনেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে এসএসসি’র নির্বাচনী পরীক্ষা ও কোচিং কার্যক্রম ব্যাহত হয়েছে।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ১২ নভেম্বর শুরু হওয়ার কথা থাকলেও সম্মেলনের কারণে তা পিছিয়ে ১৬ নভেম্বর ধার্য করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এর ফলে ছাত্র ছাত্রীরা আবার সেশন জটে পড়ার আশঙ্কায় ভুগছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে , শিগগিরই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। প্রয়োজনে শুক্রবার পরীক্ষা নেওয়া হবে।
