ঢাকা ঘোষণার মধ্য দিয়ে সার্ক শীর্ষ সম্মেলন সমাপ্ত
‘ঢাকা ঘোষণা’র মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন।
আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (আইসিসি) বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্মেলনের সমাপনী ভাষণ দেন।
ঢাকা ঘোষণা গৃহীত হওয়ার আগে সার্ক নেতৃবৃন্দ ২৫ এবং ২৬ তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুমোদন করেন।
এরপর সার্ক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সমাপনী ভাষণ দেন। এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন।
বেগম খালেদা জিয়া বলেন, ত্রয়োদশ সম্মেলনের মধ্য দিয়ে নতুন এক যুগে প্রবেশ করলো সার্ক।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তার ধন্যবাদ প্রস্তাবে কয়েকটি ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় সার্কের এবারের সম্মেলনকে সন্তোষজনক এবং সাফল্যমন্ডিত বলে উল্লেখ করেন।
