২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যান্ত্রিক গোলাযোগের কারণে বিটিভিতে সার্কের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ১ মিনিট ৬ সেকেন্ড বন্ধ

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) যান্ত্রিক গোলাযোগের কারণে সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার এক মিনিট ছয় সেকেন্ড বন্ধ ছিল।

নিজস্ব প্রতিবেদক

গাজী জহিরুল ইসলাম,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 07:56 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বৈদ্যুতিক গোলযোগ নাকি বিটিভির যান্ত্রিক গোলযোগের কারণে এটি ঘটেছে, এনিয়ে বিটিভি এবং ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডেসা) প্রথমে পরস্পরবিরোধী মন্তব্য করলেও ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (ডেসকো) পক্ষ থেকে জানানো হয়, বৈদ্যুতিক গোলযোগের কারণে নয় বরং বিটিভির যান্ত্রিক গোলযোগের কারণে সম্প্রচার বন্ধ ছিল। বিটিভির সংশ্লিষ্ট কর্মকর্তরাও এটি স্বীকার করেছেন।

ডেসকো এবং বিটিভির সংশ্লিষ্ট কর্মকর্তাদের যৌথস্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয়, যান্ত্রিক গোলযোগের কারণে সম্প্রচার বন্ধ হয়েছিলো। কিন্তু সম্মেলন কেন্দ্র থেকে ভুল তথ্য দেওয়ার কারণে বিটিভিতে বৈদ্যুতিক গোলযোগের কথা প্রচার করা হয়েছিল।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শনিবার সার্কের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের সময় সকাল ১০টা৩৫ মিনিট থেকে ১০টা৩৬ মিনিট ৬ সেকেন্ড পর্যন্ত বিটিভির অনুষ্ঠার প্রচার বন্ধ ছিল।

তখন টিভিতে ‘যান্ত্রিক গোলাযোগের কারণে অনুষ্ঠান সম্প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ’ করা হয়। এরপর আবার ‘বৈদ্যুতিক গোলাযোগে সম্প্রচারে বিঘ্ন ঘটার’ ঘোষণা প্রচার করা হয়।

এ ব্যাপারে বিটিভির মহাপরিচালক একেএম হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, বৈদ্যুতিক গোলাযোগের কারণে ওই সময় অনুষ্ঠান সম্প্রচারের বিঘ্ন ঘটে।

এদিকে ডেসার চেয়ারম্যান এএএমএ রব বিডিনিউজকে বলেন, বিদ্যুতের কোনও সমস্যা ছিল না। বিটিভির অভ্যন্তরীণ যান্ত্রিক গোলাযোগের কারণে অনুষ্ঠান সম্প্রচারে বিঘ্ন ঘটেছে।

তিনি আরও জানান, বিটিভি কর্তৃপক্ষ বৈদ্যুতিক গোলাযোগের কারণে বিঘ্ন ঘটেছে বলে ঘোষণা দেওয়ায় ডেসার পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

প্রতিবাদলিপিতে বলা হয়, সার্ক সম্মেলন চলার সময় বিদ্যুৎ সরবরাহ যথারীতি সচল ছিল, ওই সময় বৈদ্যুতিক কোনও গোলাযোগ ছিল না।

এদিকে বিটিভির ইংরেজি ও বাংলা উভয় ঘোষক বেলা ১১টায় ভুটানের প্রধানমন্ত্রী লিওনপো সাংগেই নেগদুপ গাড়ি থেকে সম্মেলন কেন্দ্র প্রবেশ করার সময় ঘোষণা করেন, এইমাত্র সম্মেলন কেন্দ্রে উপস্থি’ত হয়েছেন শ্্রীলল্কার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা।

একই অবস্থা হয় নেপালের রাজার সময়। তখন ঘোষণা করা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজের নাম, কিন্ত গাড়ি থেকে নামলেন নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীরবিক্রম শাহদেব।

ঘোষণায় ভুল করার কারণে ঘোষক নিয়মানুযায়ী দুঃখ প্রকাশও করেননি।

অনুষ্ঠানের এক পর্যায়ে ‘১৯৯৩ সালে বাংলাদেশে পঞ্চম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়’ বলে প্রচার করা হয়। কিন্ত প্রকৃত তথ্য হচ্ছে, ‘১৯৯৩ সালে বাংলাদেশে সপ্তম সার্ক শীর্ষ সম্মেলন হয়েছিল।’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সার্ক সম্মেলন অনুষ্ঠান শুরুর এক সপ্তাহ আগে থেকে বিটিভির ঘোষকসহ কলা-কুশলীদের প্রস্তুত করতে একাধিক মহড়া আয়োজন করা হয়।