ঘোষণা ও পরিকল্পনাসমূহ বাস্তবায়নে জোর দিলেন সার্ক নেতৃবৃন্দ
ঢাকায় ১৩তম শীর্ষ সম্মেলনের প্রথমদিনের অধিবেশনে সার্ক নেতারা উল্লেখ করেছেন, গত দু’ দশকে সার্কের গৃহীত পদক্ষেপ পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবে তারা আশা প্রকাশ করেছেন, তৃতীয় দশক থেকে সার্কের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত এ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সার্ক নেতারা জানান, এ সম্মেলন দক্ষিণ এশিয়ার সুযোগ-সুবিধার ক্ষেত্রে নতুন জানালা খুলে দেবে । তারা এ সম্মেলনকে বিগত দু’ দশকের অর্জনকে সমন্বিত করার সুযোগ হিসেবে চিহ্নিত করেন।
পরপর দু’বার স্থগিত হয়ে যাওয়ার পর অনুষ্ঠিত এ শীর্ষ সম্মেলনে সাত জাতির সমন্বয়ে গঠিত এ সংস্থার সকল সদস্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলংকা অংশ নিয়েছে। রোববার ঢাকা ঘোষণা গ্রহণের মধ্যদিয়ে এ সম্মেলনের সমাপ্তি টানা হবে।
সার্ক নেতাদের বক্তব্যে সাফটা বাস্তবায়ন, সন্ত্রাস দমন, দারিদ্র্য বিমোচন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সম্মিলিত পদক্ষেপ ও জ্বালানি নিরাপত্তাসহ অন্যান্য ইস্যু প্রাধান্য পেয়েছে।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো এবং বাংলাদেশ তৃতীয় বারের মতো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) প্রধান নির্বাচিত হয়েছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রথমদিনে নতুন চেয়ারপার্সন নির্বাচিত হওয়ার পর অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। তিনঘণ্টা ধরে চলে এ উদ্বোধনী অধিবেশন।
স্বাগত বক্তব্যে খালেদা জিয়া কার্যকর পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে বাধাগ্রস্ততার জন্য মানসিকতাকে দায়ী করেন। তিনি সামনে এগিয়ে যাওয়ার জন্য যুগপৎ অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, যেসব সমস্যার কারণে সার্কভুক্ত কয়েকটি দেশ আজ পিছিয়ে আছে, প্রথমে সেসবের সমাধান ছাড়া কীভাবে সার্ক’র অর্থনৈতিক অংশীদারিত্ব নিশ্চিত কা যাবে? আমি বিশ্বাস করি যে এক্ষেত্রে কোনও পদক্ষেপ নেওয়া ঠিক হবে না।
তিনি বলেন, সার্কের পরবর্তী পদক্ষেপ বাস্তবায়নের ক্ষেত্রে এ সম্মেলন আমাদের সামনে এগিয়ে নেবে। তিনি এ সম্মেলনকে প্রতিশ্রুতি বাস্তাবায়নের একটি সুযোগ হিসেবে উল্লেখ করেন।
নিশ্ছিদ্র নিরাপত্তা এবং বর্ণাঢ্য আলোকসজ্জার ভিতর দিয়ে অতিথিরা সম্মেলন কেন্দ্রে প্রবেশ করেন।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তার বক্তব্যে বলেন, গত দু’ দশকে সার্কের প্রত্যাশার তুলনায় পারস্পরিক সহযোগিতা ছিল খুব সামান্যই। পারস্পরিক অর্থনৈতিক স্বার্থের কারণেই তিনি ঐতিহাসিক ভেদাভেদ দূর করার ওপর জোর দেন।
স্বভাবসুলভ বিনয় ও দৃঢ়তার সাথে ড. মনমোহন সিং বলেন, এ দিক থেকে সার্কের অবস্থানে প্রশ্ন রাখা যায়, তিনি প্রশ্ন করেন, গত ২০ বছরে আঞ্চলিক সহযোগিতার জন্যে গোড়াতেই যে নীল নক্শা প্রণয়ন করা হয়েছিলো সার্ক দেশগুলো কি তার প্রতি সুবিচার করেছে?
তিনি বলেন, সার্ক আঞ্চলিক সহযোগিতা আমাদের প্রত্যাশার চেয়ে অনেক পিছিয়ে পড়ে আছে, বিশ্বের এমন অনেক জোট এমনকি এশিয়ার অনেক দেশের সফল উদাহরণ রয়েছে যার থেকে আমরা অনেক পিছিয়ে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ বলেন, সার্কের ২০ বছর পার হওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক ও সামজিক অগ্রগতির ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলো এশিয়ার অন্যান্য প্রতিবেশী দেশের চেয়ে অনেক পিছিয়ে আছে।
সার্ক ও আসিয়ানের তুলনামূলক চিত্র তুলে ধরে এবং এশিয়ার আরো বেশি প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অন্যান্য আঞ্চলিক ও বিশ্ব সংস্থার সমপর্যায়ে পৌঁছার ক্ষেত্রে সার্ক অনেক পিছিয়ে রয়েছে।
শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা বলেন, মানুষের মনে এমন ধারণা রয়েছে যে, সার্কের অসংখ্য বিষয়ের মধ্যে আমাদের অনেক অর্জন খাটো হয়ে দেখা দেয়।
ভারত ও পাকিস্তানের সঙ্গে শ্রীলংকার মুক্ত বাণিজ্য অঞ্চলের কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের নেটওয়ার্কের সাহায্যে উন্নয়ন কার্যক্রম শক্তিশালী করার মাধ্যমে সর্বোচ্চ সুবিধা পেতে আমাদেরকে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম বলেন, সার্ক ঘোষণা এবং নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নিয়েছেন তার বাস্তবায়ন খুবই জরুরী।
তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সার্ক ঘোষণা গৃহীত হয়েছে এবং তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। আমি মনে করি অনেকেই একমত হবেন যে, আমরা যেসব অঙ্গীকার করেছিলাম তার অনেক ক্ষেত্রেই ঠিকমতো কাজ হয়নি।
গাইয়ুম বলেন, অতীতে সিদ্ধান্ত বাস্তবায়ন এবং এক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তা চিহ্নিত করার আহ্বান জানানোর মধ্য দিয়ে আমরা সার্কের তৃতীয় দশকে পা দিয়েছি।
রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহদেব বলেন, বর্তমান যদি আমাদের জীবন যাত্রার ক্ষেত্রে মানগত পরিবর্তন আনার তাগিদ দেয়, তাহলে আমাদের ভবিষ্যতের প্রত্যাশাই থাকবে অগ্রসরতার জন্যে গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ পালন করে যাওয়া। আজ যে অবস্থানে সার্ক রয়েছে ভবিষ্যত প্রজন্মের কাছে আমরা তার চেয়ে উন্নত ও সুগঠিত সার্ক তুলে দিতে চাই।
ভুটানের প্রধানমন্ত্রী লিওনপো সাংগেই নেগদুপ বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যে, কঠোর পরিশ্রমের একটাই ফলাফল তা হচ্ছে আমাদের জনগণের সুখ ও শান্তি।
