২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রয়োদশ সার্ক সম্মেলন শুরু

নির্ধারিত সময় সকাল সাড়ে ১১ টায় ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। এসময় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্ক শীর্ষ নেতাদের নিয়ে সম্মেলন কক্ষের সুসজ্জিত মঞ্চে অবস্থান নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 11:40 AM

Updated : 26 Apr 2022, 06:17 PM

এসময় বিউগলে বেজে ওঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধুর সুর। উপস্থিত অতিথিবৃন্দ দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান দেখান। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াৎ করা হয়।

এরপর পাকিস্তান, ভারত, শ্রীলংকা ও মালদ্বীপে সাম্প্রতিক ভয়াবহ সুুনামি ও ভুমিকম্পে নিহতদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সার্ক নেতৃবৃন্দসহ সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

প্রথমেই বক্তব্য রাখেন সার্ক এর বর্তমান চেয়ারপার্সন পাকিসন্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ।

এর আগে সম্মেলনে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে ঢাকায় এসে উপস্থিত হওয়া সার্ক সদস্য দেশ সমূহের সরকার প্রধানগণ নজিরবিহীন নিরাপত্তার চাদরে ঢাকা সুসজ্জিত কনফারেন্স সেন্টারের পৌঁছান। এ লক্ষ্যে বেলা পৌণে ১১টা থেকে সোয়া ১১টার মধ্যে সার্ক নেতারা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উপস্থিত হয়েছেন।

বেলা পৌণে ১১টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম নেতা হিসেবে সম্মেলন কেন্দ্রে পৌঁছান। এরপর পর্যায়ক্রমে সম্মেলন কেন্দ্রে পৌঁছেন ভুটানের প্রধানমন্ত্রী লিওনপো সাঙ্গেই নেগদুপ, ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, মালদ্বীপের রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম, নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীরবিক্রম শাহদেব, পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ।

সর্বশেষ বেলা সোয়া ১১টায় শ্রীলংকার রাষ্ট্রপতি চন্দ্রিকা কুমারাতুঙ্গা সম্মেলন কেন্দ্রে পৌঁছেন।

এর আগে সার্ক নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পরবর্তীতে সার্ক সরকার প্রধানগণ সার্ক ধারনার স্থপতি ও বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার পরিদর্শন করেন।