২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নির্যাতন বিরোধী জাতীয় কনভেনশন বন্ধের প্রতিবাদে দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালিত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাংবাদিক নির্যাতন, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কনভেশন বন্ধের প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী প্রতীকী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 05:10 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান এবং প্রতীকী অনশন পালন করেন।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব মঞ্জুরুল আহসান বুলবুল, ডিইউজে সভাপতি আলতাফ মাহমুদ, সাবেক বিএফইউজের মহাসচিব শাজাহান সরদার, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা জালাল, ডিইউজের সহসভাপতি সাইফুল ইসলাম তালুকদার ও অমিয় ঘটক পুলক।

বিএফইউজের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়া, দিনাজপুর ও ময়মনসিংহসহ সারাদেশে একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে।

ঢাকার প্রতিবাদ সমাবেশে বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর চরম নির্যাতন চলছে। সাংবাদিক নির্যাতন বন্ধ এবং মৌলবাদী জঙ্গিবাদের প্রতিরোধে আমরা জাতীয় কনভেনশনের ডাক দিয়েছিলাম। সরকার সার্কের নিরাপত্তার অজুহাতে কনভেনশন বন্ধ করে দিয়েছে।

তিনি বলেন, শিগগিরই আমরা কনভেনশনের নতুন তারিখ ঘোষণা করব।

এদিকে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব মঞ্জুরুল আহসান বুলবুল এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক শাহ আলমগীর এক যুক্ত বিবৃতিতে জাতীয় কনভেশন বন্ধের ব্যাপারে ১১ নভেম্বর সরকারের দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান।

সাংবাদিক নেতারা সরকারি তথ্য বিবরণীকে মিথ্যা বক্তব্য বলে অভিহিত করেন। তারা বলেন, সাংবাদিকদের জাতীয় কনভেনশন বন্ধ করতেই সরকার সার্কের নিরাপত্তার মিথ্যা অজুহাত দাঁড় করিয়েছেন।

বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) উদ্যোগে শুক্রবার বেলা ১১ টায় খুলনা প্রেস ক্লাব চত্ত্বরে আধা ঘন্টাব্যাপী প্রতীকী আবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ পালিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি শেখ আবু হাসান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মকবুল হোসেন মিন্টু, বিএফইউজের নির্বাহী সদস্য একে হিরণ ও এসএম জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অমিয় কান্তি পাল। সভা পরিচালনা করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাহেব আলী।

বক্তারা জাতীয় কনভেনশন করতে না দেওয়ায় সাংবাদিকরা সরকারের কঠোর সমালোচনা ও নিন্দা জ্ঞাপন করেন।