২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনমোহন সিং এর নিরাপত্তা রক্ষার জন্যে ব্ল্যাক ক্যাট ঢাকায় পৌঁছেছে

১২ ও ১৩ নভেম্বর সার্ক শীর্ষ সম্মেলন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নিরাপত্তা রক্ষায় ভারতীয় বিশেষ বাহিনী ব্ল্যাক ক্যাট এর একটি দল বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 10:03 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

নিজ নিজ দেশের নেতৃবৃন্দের নিরাপত্তার জন্যে প্রায় সব সার্ক দেশ ঢাকায় বিশেষ বাহিনী পাঠিয়েছে।

এছাড়াও মনমোহন সিং বাংলাদেশে অবস্থানকালে তার ব্যবহারের জন্যে একটি বুলেটপ্রুফ জিপ ও নিরাপত্তার স্বার্থে অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে ১২ সদস্যের অপর একটি দল বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫১ সদস্যের একটি ব্ল্যাক ক্যাট স্কোয়াড ঢাকায় পৌঁছে বৃহস্পতিবারেই বাংলাদেশের নিরাপত্তা সংস্থা কর্মকর্তাদের সাথে আলোচনা করেছে। তারা মনমোহন সিংয়ের পূর্ণাঙ্গ নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন।

ভারতীয় প্রধানমন্ত্রী শুক্রবার সন্ধায় ঢাকা পৌঁছাবেন।

এর আগে মঙ্গলবার নয়াদিল্লি থেকে ২৪ সদস্যের বিশেষ নিরাপত্তা টিম ঢাকায় পৌঁছে।

এছাড়াও ভারতীয় বিশেষ প্রতিরক্ষা গ্রুপের (এসপিজি) ঊধ্বর্তন কর্মকর্তারা বাংলাদেশের ঊধ্বর্তন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশে সক্রিয় বিভিন্ন চরমপন্থী গ্রুপ সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

পাকিস্তান, শ্রীলংকা, ভুটান এবং নেপালও নিজেদের নেতৃবৃন্দের নিরাপত্তার স্বার্থে বিশেষ নিরাপত্তা টিম পাঠিয়েছে। এলটিটিই গেরিলাদের হিট লিস্টে থাকা শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার জন্যে থাকবে কড়া নিরাপত্তা।

সরকার ইতোমধ্যেই জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর এলাকায় সাধারণের চলাচলে বিধি-নিষেধের কথা ঘোষণা করেছে এবং বিভিন্ন স্কুল-কলেজ বন্ধ হয়ে গেছে। অন্যদিকে অনেক অনেক দূতাবাসই তাদের ভিসা সেকশন বন্ধ করে দিয়েছে।

নগরীর সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থায় প্রায় ৪০ হাজার নিরাপত্তা কর্মী নিয়োজিত রয়েছে। এছাড়াও হেলিকপ্টার ও স্পিড বোট নিয়ে নিরাপত্তা কর্মীরা নগরীর আকাশ ও আশে পাশের জলপথে টহল দিচ্ছে।