সাফটা বাস্তবায়নই হতে যাচ্ছে সার্ক সম্মেলনের শীর্ষ এজেন্ডা
দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) বাস্তবায়নের ইস্যুই হতে যাচ্ছে ঢাকায় অনুষ্ঠেয় ত্রয়োদশ সার্ক সম্মেলনের শীর্ষ এজেন্ডা। ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে এ চুক্তি বাস্তবায়নের কথা রয়েছে।
বৃহস্পতিবার সমাপ্ত সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র সচিবদের সমন্বয়ে গঠিত সার্ক স্থায়ী কমিটির দু’দিনব্যাপী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে অংশ্রগহণকারী নেতৃবৃন্দ জানান, নির্ধারিত সময়ের মধ্যে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল (সাফটা) বাস্তবায়নের বিষয়টিকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হবে। শুক্রবার শুরু হতে যাওয়া কাউন্সিল অব মিনিস্টারস সভায় এ বিষয়টিকে গুরুত্ব দেওয়ার সুপারিশ করেন সার্ক পররাষ্ট্র সচিবদের সমন্বয়ে গঠিত এ কমিটি।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন বৈঠকে সভাপতিত্ব করেন।
অতিরিক্ত পররাষ্ট্র সচিব এএইচএম মনিরুজ্জামান বলেন, সময়মতো সাফটা চুক্তি বাস্তবায়ন করার লক্ষ্যে বিশেষজ্ঞ কমিটি যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে সেজন্য বৈঠকে সার্কের শীর্ষ পর্যায়ে এর ইতিবাচক দিক তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়।
সাফটা বাস্তবায়নের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধানের লক্ষ্যে বিশেষজ্ঞ কমিটি চলতি মাসের শেষের দিকে বৈঠকে বসবে।
সাফটার গুরুত্বপূর্ণ বিষয়ের অন্যতম হচ্ছে, রুলস অব অরিজিন এবং স্বল্পোন্নত দেশ কর্তৃক শুল্ক হ্রাসের পর রাজস্ব ক্ষতিপূরণ।
সম্মেলনে সাফটার অন্য যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হবে তা হচ্ছে, সদস্য রাষ্ট্রের দারিদ্র্য দূরীকরণে অভিন্ন তহবিল গঠন ও অবকাঠামো উন্নয়ন।
স্থায়ী কমিটির আলোচনার কথা উল্লেখ করে মনিরুজ্জামান বলেন, বর্তমান তহবিল পূর্ণাঙ্গভাবে কার্যকর নয়।
এছাড়াও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ এবং আগ্রহী দেশগুলোকে পর্যবেক্ষক ও সংলাপ অংশীদারের মর্যাদা দানের বিষয়সমূহও সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় হিসেবে উপস্থাপিত হবে।
তিনি বলেন, আমরা সন্ত্রাসবাদ সম্পর্কে আলোচনা করিনি, তবে কাউন্সিল অব মিনিস্টারস সভায় এ বিষয়ে আলোচনা করা হবে।
স্থায়ী কমিটির সুপারিশকৃত অন্য ইস্যূগুলো হচ্ছে, জাপান-সার্ক তহবিলের জন্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, সার্ক সচিবালয় জোরদারকরণ, আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন ও ভিসামুক্ত ও সহজীকরণ প্রক্রিয়ার সম্প্রসারণ।
সম্মেলনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে, দারিদ্র্য দূরীকরণ ও আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ, ভিসা সহজীকরণ ব্যবস্থার সম্প্রসারণ ও সার্কের সামাজিক চুক্তি বাস্তবায়নে অগ্রগতি।
