২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের সদস্যপদের ব্যাপারে স্ট্যান্ডিং কমিটি মতৈক্যে পৌঁছতে ব্যর্থ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোহিতা সংস্থায় (সার্ক) আফগানিস্তানের সদস্যপদের ব্যাপারে বৃহস্পতিবার স্ট্যান্ডিং কমিটি কোনও মতৈক্যে পৌঁছতে পারেনি। সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

পররাষ্ট্র সচিবদের নিয়ে গঠিত কমিটির বিশেষ অধিবেশনের পর এ কথা জানানো হয়। শুক্রবার কাউন্সিল অব মিনিস্টার্স-এর বৈঠকে এ বিষয়ে আবার আলোচনা হওয়ার কথা।

ঊর্র্ধ্বতন এক বাংলাদেশী কর্মকর্তা জানান, প্রথমে সার্কের পর্যবেক্ষক কিংবা ডায়লগ পার্টনারের জন্যে প্রয়োজনীয় বিধিমালা ও দিকনির্দেশনা নির্দিষ্ট করা উচিত। সুতরাং এ মুহূর্তে কারও সদস্যপদ নিয়ে আলোচনা করার প্রশ্নই ওঠে না।

স্ট্যান্ডিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম মনিরুজ্জামান বলেন, সার্কে আফগানিস্তানের সদস্যপদের ব্যাপারে সদস্য দেশগুলোর আপত্তি ও আগ্রহের অভাব রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন।

আফগানিস্তান যেহেতু এখনও আনুষ্ঠানিকভাবে আবেদন করে নি, সেক্ষেত্রে কীভাবে হঠাৎ করে এই ইস্যু উত্থাপিত হলো ?

এর জবাবে ওই কর্মকর্তা বলেন, যে দুই/তিন দেশ এই ইস্যু উত্থাপন করেছে তাদের জিজ্ঞাসা করলে এর উত্তর পাওয়া যাবে। তবে তিনি ওই সমস্ত দেশের নাম প্রকাশ করেন নি।

মনিরুজ্জামান আরও বলেন, স্পষ্ট দিক নির্দেশনা ছাড়া কীভাবে একজনকে

অন্তর্ভূক্ত করা হবে। নতুন কোনও দেশ অর্šÍভুক্ত হলে প্রথমবারের মতো সার্কের সনদ পরিবর্তন করতে হবে এবং এক্ষেত্রে সার্কের লোগোও পরিবর্তিত হয়ে যাবে।

ডায়ালগ পার্টনার হিসেবে চীনের অন্তর্ভুক্তির ব্যাপারে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে অংশ নেওয়া ওই কর্মকর্তা বলেন, উন্নয়নের জন্যে এ ধরনের বিধিমালা ও দিক নির্দেশনা গঠনের লক্ষ্যে সবাই সম্মত হবে।

আফগানিস্তানের সদস্যপদ ছাড়াও পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে গঠিত কাউন্সিল অব মিনিস্টার্স সন্ত্রাস মোকাবেলা, ভিসা ইস্যু এবং আঞ্চলিক ও অর্থনৈতিক সহায়তা নিয়েও আলোচনা করবে।

সার্কভুক্ত দেশসমূহের পররাষ্ট্র মন্ত্রিরা ইতোমধ্যেই বাংলাদেশে এসেছেন এবং শুক্রবারের বৈঠকের আগে তারা অনানুষ্ঠানিক আলোচনা করেন। এছাড়াও তারা পৃথকভাবে পররাষ্ট্র মন্ত্রী মোরশেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন।