মায়ানমার ২৩ জন বাংলাদেশী কাঠুরিয়াকে মুক্তি দিয়েছে
বাংলাদেশ-মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটিলিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠকের পর মায়ানমার বৃহস্পতিবার ২৩ জন বাংলাদেশী কাঠুরিয়াকে মুক্তি দিয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষংছড়ির ঘুমধুম এলাকায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেন বিডিআর’র ৪০ নম্বর ব্যাটেলিয়ন কমান্ডার লে. কর্ণেল আব্দুল আউয়াল বীর প্রতীক এবং নাসাকা বাহিনীর মেজর থান নাইন মায়ানমারের পক্ষে নেতৃত্ব দেন।
বৈঠক সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, আলোচনাকালে উভয় পক্ষ দুদেশের সীমান্তে শান্তি বজায় রাখা ছাড়াও চোরাচালান বন্ধে এক যোগে কাজ করার সিদ্ধান্ত নেয়। ওই বৈঠকে মায়ানমার কর্তৃপক্ষ ২৩ জন কাঠুরিয়াকে মুক্তি দিতে সম্মত হয়। পরে এদের মুক্তি দেওয়া হয়।
গত মে মাসে সীমান্তে কাঠ সংগ্রহের সময় নাসাকা বাহিনীর সদস্যরা ওই বাংলাদেশীদের ধরে নিয়ে যায়।
