২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার

আসন্ন ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে-বাইরে এবং হলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 05:48 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ক্যাম্পাস জুড়ে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব এবং বিডিআর মোতায়েন করা হয়েছে। এছাড়া ১ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রবেশপথে বসানো হয়েছে চেকপোষ্ট।

সন্ত্রাসী এবং উগ্রবাদীরা অবস্থান করতে পারে, এমন আশংকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চারটি আবাসিক হলের ওপর কড়া নজর রাখছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একে ফিরোজ আহমেদ বিডিনিউজকে জানান, সার্ক সম্মেলনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এর হলগুলোতে সর্বোচ্চ সতর্কাবস্থা গ্রহন করা হয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবন এবং হলগুলোতে কোন বহিরাগত যে অবস্থান করছে না, কতৃপক্ষ সেই বিষয়টি নিশ্চিত করছে।

অধ্যাপক একে ফিরোজ আহমেদ আরও বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে গত ২ নভেম্বর প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

প্রোক্টর এসময় নিরাপত্তা বাহিনী কর্তৃক হয়রানি এড়াতে ছাত্রদের রাতে বিনা কারণে ক্যাম্পাসে ঘোরাফেরা না করার পরামর্শ দিয়েছেন। তিনি ছাত্র-ছাত্রীদের পরিচয়পত্র ব্যবহারের অনুরোধ জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্পেশাল ব্রাঞ্চের এক কর্মকর্তা জানান, সন্দেহ হলে বিশ্ববদ্যালয়ের যে কোন আবাসিক হলে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশী অভিযান চালাবে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের যে কোন স্থানে অভিযান চালানোর ব্যাপারে কর্তৃপক্ষ তাদের অনুমতি প্রদান করেছে।