সরকার জনগণের টাকায় অবৈধ ক্ষমতা দখলকারীকে স্বর্ণপদক দিচ্ছে : শেখ হাসিনা
সংসদের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বলেছেন, সরকার জনগণের টাকা অপচয় করে সার্ক শীর্ষ সম্মেলন করছে শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতা দখলকারী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বর্ণ পদক দেয়ার জন্যে।
শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে একদিকে হাজার হাজার মুক্তিযোদ্ধা, সেনা এবং বিমান বাহিনীর কর্মকর্তাদের হত্যা করেছে এবং অন্যদিকে যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়েছে। শেখ হাসিনা প্রশ্ন করেন, এই লোকটিকে পুরুস্কার দিতেই কি সার্কের আয়োজন ?
শেখ হাসিনা মঙ্গাপীড়িত উত্তরাঞ্চল সফরে লালমনিরহাটের পাটগ্রামের জসমুদ্দিন কাজী আব্দুল গনি ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, জনগনের টাকায় করা সার্ক সম্মেলনে একজন অবৈধ ক্ষমতা দখলকারীকে স্বর্ণ পদক দেয়া উচিত নয়।
শেখ হাসিনা বলেন, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে জনগনের জীবন যখন দিশেহারা, তখন এতো অর্থ অপচয় করে জিয়াউর রহমানকে পদক দেয়ার কি অর্থ থাকতে পারে ?
শেখ হাসিনা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রন না করলে এ সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
