বরিশালে অ্যাডভোকেট পাপিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
বরিশালে অ্যাডভোকেট পাপিয়া হত্যার বিচার এবং ঘাতক স্বামী তুহিনকে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার অশ্বিনীকুমার হল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মহিলা পরিষদ, জাতীয় মহিলা আইনজীবী সমিতি, ব্লাস্ট ও স্পিড ট্রাস্ট’র উদ্যোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি চলাকালে মহিলা পরিষদের সহ সভানেত্রী রাবেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট মুনিরা বেগম, মহিলা পরিষদের প্রতিমা সরকার, স্পিড ট্রাস্টের আইরিন ইসলাম, ব্লাস্টের সাহিদা তালুকদার, পাপিয়া হত্যা বিচার দাবি পরিষদের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ আমিনুল হক, নিয়াজ মাহমুদ খান, সাইফুর রহমান মিরন, গণফোরামের অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, কমিউনিস্ট পার্টির একে আজাদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর মনিরুজ্জামান প্রমুখ ।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ পাপিয়া হত্যার বিচারের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
এদিকে অ্যাডভোকেট পাপিয়া হত্যার বিচারের দাবিতে বিভিন্ন সংগঠন বিবৃতি প্রদান অব্যাহত রেখেছে।
কানাডীয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সিডার কর্মকর্তা দিলরুবা হক পাপিয়া ৩ নভেম্বর ঈদের ছুটিতে বরিশালে স্বামীর বাড়ি বেড়াতে এসে খুন হন।
