২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে চাকরি মেলা

১৮ নভেম্বর থেকে ঢাকায় দুদিনব্যাপী চাকরি মেলা শুরু হচ্ছে। ইনপেস ম্যানেজমেন্ট সার্ভিস লি. (আইএমএসএল) নগরীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাবলিক প্লাজায় এই মেলার আয়োজন করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 02:50 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

মেলার অন্যতম আকর্ষণ হবে সদ্য পাস করা গ্রাজুয়েটদের সঙ্গে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলির সংযোগ তৈরি করা।

চাকরি মেলা প্রসঙ্গে ইনপেস ম্যানেজমেন্ট সার্ভিস লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল আহসান বলেন, প্রতি বছর দেশে প্রচুর গ্রাজুয়েট তৈরি হচ্ছে। মূলত সদ্য পাশ করা গ্রাজুয়েটদের সাথে ইন্ডাস্ট্রি তথা চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সংযোগ স্থাপনের জন্যই এই মেলার আয়োজন। ১৮ নভেম্বরের মেলার সাড়ার ওপর নির্ভর করে ভবিষ্যতে আরো চাকরি মেলার আয়োজন করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মেলা ভেন্যুতে একটি সাইবার জোন থাকবে। সেখান থেকে চাকরি প্রার্থীরা তাদের সিভি (বায়োডাটা) এডিট এবং প্রয়োজনে অনলাইনে পাঠাতে পারবে। পাশাপাশি একটি বিজনেস সেন্টার থাকবে যেখানে স্ক্যানিং, প্রিন্টিং ইত্যাদি সেবা পাওয়া যাবে। অন স্পট চাকরির ইন্টারভিউর জন্য আলাদা রুমের ব্যবস্থাও থাকবে। এছাড়াও দর্শনার্থী ও চাকরি প্রার্থীদের তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য সম্মেলন কেন্দ্রে ইনপেসের একটি নিজস্ব বুথ থাকবে।

জানা যায়, শীর্ষস্থানীয় ১৬টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ১৮ ও ১৯ নভেম্বর সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। www.jobfair-imsl.com ওয়েব সাইটে মেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।