সার্ক দেশগুলোর ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত: মনমোহন সিং
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বুধবার বলেছেন, বিভিন্ন ইস্যুতে সার্ক সদস্য দেশগুলোর একসাথে কাজ করা উচিত।
তিনি বলেন, দারিদ্র্য, রোগ শোক, প্রাকৃতিক দুর্যোগ কিংবা সন্ত্রাস যা-ই হোক না কেন, যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষিন এশিয়ার এই দেশগুলোকে অবশ্যই একসাথে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী মনমোহন সিং চন্ডিগড়ে পিএন হাকশার স্মৃতি বক্তৃতায় এ কথা বলেন।
মনমোহন সিং বলেন, অতীতে যা ই ঘটুক না কেন, ভবিষ্যতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলো এ ব্যাপারে লক্ষ্য রাখবে।
মনমোহন সিং বলেন, ঐক্যবদ্ধ হওয়ার এ কথা মনে রেখেই আমাদের পরষ্পরের প্রতি নির্ভরতা এবং সমষ্টিগত নিরাপত্তার কথা ভাবতে হবে।
পাকিস্তানের প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, কোন দেশ যেন এমন না ভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাস অন্য দেশে কোন প্রভাব ফেলবে না এবং এক দেশের সন্ত্রাসীকে অন্য দেশের মুক্তিযোদ্ধা ভাবাও ঠিক নয়।
