২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলনের সময় নগরীতে যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ

ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ১১ নভেম্বর সার্কভুক্ত দেশসমূহের রাষ্ট্র এবং সরকার প্রধান ও তাদের সফরসঙ্গীরা বাংলাদেশে আসছেন। সম্মেলন চলাকালে তাদের চলাচলের সুবিধার্থে নগরীর বিভিন্ন রাস্তায় যানবাহন চলাচলের ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপিত থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 05:49 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

যান চলাচল বিষয়ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, নেতৃবৃন্দ হোটেল শেরাটনে অবস্থানের কারণে ১০ নভেম্বর সকাল ৮টা থেকে ১৪ নভেম্বর বেলা ১২টা পর্যন্ত শেরাটন ক্রসিং থেকে মিন্টো রোড়-হেয়ার রোডের সংযোগস্থল ফোয়ারা পর্যন্ত (শেরাটনের উভয় পাশের রাস্তা) সকল যান চলাচল বন্ধ থাকবে।

১১ নভেম্বর বেলা ২টা ৪৫ মিনিট থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সকল নেতৃবৃন্দের চলাচলের পূর্বে বিমান বন্দর গোল চত্বর হতে শাহবাগ-পিজি ক্রসিং পর্যন্ত ভিআইপি সড়কের উভয় পাশে গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

১২ নভেম্বর নেতৃবৃন্দ সাভার স্মৃতিসৌধে যাবেন। ওইদিন সকাল পৌনে ৯টা থেকে হোটেল শেরাটন-বিজয় স্মরণী-লেক রোড-আসাদ গেট-গাবতলী পর্যন্ত রাস্তায় ভিআইপি চলাচলকালে অন্য যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। নেতৃবৃন্দরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাবেন বিধায় সকাল ৯টা ৩৫ মিনিট থেকে গাবতলী-আসাদ গেট পর্যন্ত রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকবে।

একই দিনে জিয়াউর রহমানে মাজারে অনুষ্ঠান উপলক্ষে লেক রোডে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত এবং বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠান উপলক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৩টা এবং ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত জিয়া উদ্যান ক্রসিং থেকে আগারগাঁও আইডিবি ভবন পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, ১৩ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিতব্য কর্মসূচির জন্যে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুরাতন এলিফ্যান্ট রোড-মুনসুর আলী সারণীর (কিছু অংশ)-হলিফ্যামিলি রোডে (কিছু অংশ)-সকল গাড়ি চলাচল বন্ধ থাকবে।

একই দিন বঙ্গভবনে অনুষ্ঠিতব্য কর্মসূচির জন্যে দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত পুলিশ ভবন ক্রসিং থেকে কাকরাইল ক্রসিং-রাজমনি-পুলিশ হাসপাতাল ক্রসিং-দৈনিক বাংলা-রাজউক ক্রসিং পর্যন্ত নেতৃবৃন্দের চলাচলের সময় রাস্তার উভয় পাশে সকল গাড়ি চলাচল বন্ধ থাকবে।

ওই দিনই আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (প্রধানমন্ত্রীর কার্যালয়) অনুষ্ঠান উপলক্ষে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নাখালপাড়া রোডে সকল গাড়ি চলাচল বন্ধ থাকবে।

১৩ ও ১৪ নভেম্বর সদস্য দেশসমূহের নেতৃবৃন্দ ও তাদের সফরসঙ্গীরা বাংলাদেশ ত্যাগ করবেন। তাদের যাওয়ার ২০ মিনিট পূর্ব পর্যন্ত ভিআইপি সড়কের উভয় পাশে গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।