২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলনের ১৫ আলোচ্য সূচি

আসন্ন ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের ১৫ টি আলোচ্যসূচি নির্ধারণ করা হয়েছে। সম্মেলনে সদস্য দেশগুলোর নেতৃবৃন্দ একটি অভিন্ন তহবিল, একটি অর্থনৈতিক ইউনিয়ন এবং চীন ও আফগানিস্তানকে পর্যবেক্ষক না-কি ডায়ালগ পার্টনার হিসেবে অর্ন্তভূক্ত করা হবে, তা নিয়ে আলাচনা করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 05:44 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

বুধবার দু’দিনব্যাপী প্রোগ্রামিং কমিটির বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সার্ক ও বিমসটেক) রুহুল আমিন বলেন, অভিন্ন তহবিলের পরিবর্তে একটি একক তহবিল গঠন করা উচিত। বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।

প্রোগ্রামিং কমিটির বৈঠকে বিদ্যমান ও প্রস্তাবিত তহবিলগুলোকে সার্ক উন্নয়ন তহবিলে (এসডিএফ) একীভূত করার মাধ্যমে দক্ষিণ এশীয় উন্নয়ন তহবিল (এসএডিএফ) প্রতিষ্ঠার সুপারিশ করা হয়।

আসন্ন সম্মেলনে একটি প্রস্তাব গ্রহনের মাধ্যমে সদস্য দেশসমূহের অর্থমন্ত্রীরা আগামী বছরের প্রথম দিকে অর্থায়ন কৌশল গঠনের লক্ষ্যে মিলিত হবেন।

হোটেল সোনারগাঁয়ে সম্মেলনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে দক্ষিণ এশীয় অর্থনৈতিক ইউনিয়নের ব্যাপারে রুহুল আমিন বলেন, সাফটা ছাড়া অর্থনৈতিক ইউনিয়ন ইস্যু নিয়েও আলোচনা হবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।

প্রোগ্রামিং কমিটির বৈঠকে নতুন সদস্যপদ অথবা পর্যবেক্ষকের মর্যাদা দান প্রসঙ্গে আলোচনা করা হয়েছে কি না, এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, সার্ক নেতৃবৃন্দ সম্ভবত বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

আফগানিস্তান সার্কের পর্যবেক্ষক হতে চাচ্ছে। অন্যদিকে চীন চাচ্ছে সার্কের ডায়ালগ পার্টনার হতে। ভারত আফগানিস্তানকে সমর্থন দিচ্ছে। পাকিস্তান সমর্থন করছে চীনকে।

সন্ত্রাস মোকাবেলা ইস্যু আলোচনা ছাড়াও সম্মেলনে সার্ক সালিস নিষ্পত্তি পরিষদ প্রতিষ্ঠা, শুল্ক খাতে পারস্পারিক প্রশাসনিক সহযোগিতা এবং দ্বৈত করারোপ এড়াতে সীমিত আকারে বহুপক্ষীয় চুক্তি সম্পর্কিত তিনটি নতুন বাণিজ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে।

সাফটা সম্পর্কিত ইস্যুগুলোর ব্যপারে নেতৃবৃন্দের আলোচনার পাশাপাশি নভেম্বরের ২৮ ও ২৯ তারিখে আ্যরেঞ্জমেন্ট নিয়ে বিশেষজ্ঞ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

দারিদ্র্য বিমোচনকে যেহেতু সার্কের প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে, তাই ধারণা করা হচ্ছে, সার্কের তৃতীয় দশককে (২০০৬ থেকে ২০১৫) ‘দারিদ্র্য বিমোচনের সার্ক দশক’ হিসেবে ঘোষণা করা হবে।

আশা করা হচ্ছে, আসন্ন সম্মেলনে স্বাধীন দক্ষিণ এশীয় দারিদ্র্য বিমোচন কমিশনের সুপারিশ অনুযায়ী সদস্য দেশগুলোর মাধ্যমে সার্কের সামাজিক চার্টার বাস্তবায়নে সার্ক উন্নয়ন লক্ষ্য (এসডিজি) প্রণয়ন করা হবে।