২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফ সীমান্তে অবাধে ঝিনুক-শামুক দেশের বিভিন্ন স্থানে পাচার হচ্ছে, বিপন্ন হচ্ছে পরিবেশ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের বিভিন্ন এলাকায় আহরণ নিষিদ্ধ হাজার হাজার বস্তা শামুক-ঝিনুক অবাধে দেশের অভ্যন্তরে পাচার হয়ে যাচ্ছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 10:05 AM

Updated : 26 Apr 2022, 06:16 PM

টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ থেকে উপকূলীয় শাপলাপুর পর্যন্ত বিস্তৃত সৈকত পাড়ে বর্তমানে অবৈধভাবে সংগৃহীত হাজার হাজার বস্তা শামুক-ঝিনুক পাচার অব্যাহত রাখায় এলাকার সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছে।

এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো কোন পদক্ষেপ না নেয়ায় শামুক-ঝিনুক আহরণ ও পাচার অব্যাহত রয়েছে।

এদিকে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী শামুক-ঝিনুক পাচারের ফলে দিনে দিনে সমুদ্র তীরবর্তী কক্সবাজারের বিভিন্ন এলাকার প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য হারাচ্ছে।

প্রাপ্ত তথ্য মতে, সরকার এক প্রজ্ঞাপন জারি করে মায়ানমার সীমান্তবর্তী টেকনাফ উপজেলাকে পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছে এবং এখান থেকে পাথর উত্তোলন, বন্যপ্রাণী শিকার, মাটিকাটা, পোনা আহরণ, শামুক-ঝিনুক আহরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে।

কিন্তু এক শ্রেণীর পরিবেশ বিনষ্টকারী দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তার যোগসাজশে শামুক-ঝিনুক, পাথর আহরণ ও উত্তোলন অব্যাহত রয়েছে। এতে করে নদী ভাঙ্গন, পাহাড় ধস ও বাঁধ ভাঙ্গার মতো প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হচ্ছে।

মনখালীর বয়োবৃদ্ধ সলিম উল্লাহ (৯০) শামুক-ঝিনুক আহরণ ও পাচার সম্পর্কে বিডিনিউজকে জানান, তার সুদীর্ঘ জীবনে এভাবে ঝিনুক আহরণ ও পাচার হতে দেখেননি। টেকনাফের বিভিন্ন উপকূলীয় এলাকায় শত শত মানুষ জীবিকার তাগিদে ঝিনুক আহরণ করছে এবং এক শ্রেণীর চোরাকারবারী তাদের ব্যবহার করে পরিবেশ নষ্ট করছে।

খোঁজ নিয়ে জানা যায়, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ার আবুল কালাম, শামলাপুরের শওকত, নোয়াখালীর কবির আহমদ, সৈয়দ কাশিম, আব্দুর রহমান, সৈয়দ আহমদসহ ১০ সদস্যের একটি সিন্ডিকেট দীর্ঘদিন থেকে স্থানীয় পুলিশ ফাঁিড়, বন বিভাগ ও সীমান্তরক্ষী সংস্থাকে হাত করে ঝিনুক পাচার করে যাচ্ছে।

অতি সম্প্রতি এ চক্রটি চারটি কার্গো বোটের মাধ্যমে হাজার হাজার বস্তা ঝিনুক নোয়াখালী ঘাট দিয়ে ঢাকা ও চট্টগ্রামে পাচার করেছে। বর্তমানে ওই ঘাটের আশেপাশে প্রায় দুই হাজার বস্তা ঝিনুক কার্গো বোটের মাধ্যমে পাচারের উদ্দেশ্যে স্তুপ করে রাখা হয়েছে।

এ চক্রটি অবৈধ রোহিঙ্গাদের নাম মাত্র মূল্যে কাজে লাগিয়ে শামুক-ঝিনুক আহরনে উৎসাহ দিয়ে এ কার্যক্রম অব্যাহত রেখে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটাচ্ছে।

এ ব্যাপারে এলাকার সচেতন মহল দ্রুত ঝিনুক আহরণ বন্ধের দাবি জানিয়েছেন।