সম্মেলনের পর্দা উন্মোচনের অপেক্ষায় বাংলাদেশ : মোরশেদ খান
আগামী ১২ ও ১৩ তারিখ অনুষ্ঠিতব্য দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) শীর্ষ সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন পর্দা উন্মোচনের অপেক্ষা মাত্র।
সোমবার পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বলেন, সাত-জাতি সম্মেলনের সকল প্রস্তুতি চূড়ান্ত। ঢাকা এখন জিরো আওয়ারের অপেক্ষায় রয়েছে।
সার্কভুক্ত দেশগুলোর ঊর্দ্ধতন কর্মকর্তারা ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে নগরীতে ইতোমধ্যেই ৪০ হাজার নিরপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। আলোচ্যসূচি নির্ধারণ করতে তারা মঙ্গলবার থেকে দু’দিনব্যাপী সার্ক প্রোগ্রামিং কমিটির বৈঠক শুরু করবেন।
সার্ক প্রোগ্রামিং কমিটির বৈঠকের পর নভেম্বরের ৯ ও ১০ তারিখে সদস্য দেশগুলোর পররাষ্ট্র সচিবদের নিয়ে গঠিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
এছাড়া সার্কভুক্ত দেশসমূহের পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে গঠিত মন্ত্রী পরিষদের বৈঠক অনুৃষ্ঠিত হবে নভেম্বরের ১০ ও ১১ তারিখে।
সম্মেলনের প্রধান আলোচ্য সূচির মধ্যে দারিদ্র বিমোচন, এ অঞ্চলের অর্থনৈতিক সমন্বয়, সন্ত্রাস নির্মূল এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ আগাম সংকেত সংক্রান্ত ইস্যুগুলো অগ্রাধিকার পাবে বলে ধারণা করা হচ্ছে।
সন্ত্রাসের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রী বলেন, এটি বৈশ্বিক সমস্যা। আন্তর্জাতিক, আঞ্চলিক, সাব-আঞ্চলিক ও জাতীয়সহ সম্ভাব্য সকলভাবে এই সমস্যা দূর করতে হবে।
মন্ত্রী বলেন, সন্ত্রাস মোকাবেলায় প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা। ঢাকা ঘোষণায় সন্ত্রাস দূরীকরণে নির্দিষ্ট কোনও প্রস্তাব থাকবে কিনা সে ব্যাপারে মন্ত্রী বিস্তারিত কিছু না বললেও সম্মেলন অর্থবহ হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে সম্মেলন সফল করতে হবে। সফলভাবে সম্মেলন আয়োজন এবং নির্ধারিত সময়ে সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন আমাদের জন্যে একটি চ্যালেঞ্জে পরিণত হয়েছে।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১২ নভেম্বর উদ্বোধনী দিনে আঞ্চলিক নেতৃবৃন্দের সামনে আগামী বছরগুলোতে এ সাত-সদস্যের ফোরামকে কিভাবে আরও কার্যকরভাবে সামনে এগিয়ে নেওয়া যায় তার রোডম্যাপ তুলে ধরবেন।
কর্মকর্তারা জানান, সার্কের তৃতীয় দশককে ঢাকা ‘দারিদ্র বিমোচনের সার্ক দশক’ হিসেবে ঘোষণার প্রস্তাব করবে। এছাড়াও ‘সার্ক দারিদ্র বিমোচন তহবিল’র দীর্ঘমেয়াদী তহবিল গঠনের প্রস্তাবও করা হবে।
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান বলেন, সম্মেলনে শুল্ক খাতে সহযোগিতা, দ্বৈত করারোপ প্রত্যাহার, বিনিয়োগ সংরক্ষণ ও সালিস নিষ্পত্তি সংক্রান্ত চারটি আঞ্চলিক চুক্তি সাক্ষরিত হবে।
এছাড়াও সামাজিক চার্টার বাস্তবায়ন, সদস্য দেশগুলোর সচিবালয়ের ক্ষমতায়ন ও অত্র অঞ্চলে ভিসা প্রক্রিয়ার সহজীকরণ ইস্যূর ওপরেও সম্মেলনে আলোকপাত করা হবে।
