অর্থনৈতিক ইস্যুসমূহই সার্ক’র প্রধান আলোচ্য বিষয় হওয়া উচিত: বিডিনিউজকে এরশাদ
সাবেক প্রেসিডেন্ট ও সার্কের প্রথম চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক ইস্যুসমূহের ওপর আলোকপাত করা উচিত, যা পক্ষান্তরে সন্ত্রাস নির্মূলেই সহায়তা করবে।
তিনি বলেন, দারিদ্র, বেকারত্ব, নির্যাতন, অর্থনৈতিক বঞ্চনা ও অবিচার থেকে সন্ত্রাসের উৎপত্তি ঘটে। আর তাই সন্ত্রাস নির্মূলে সার্কের উচিত অর্থনৈতিক ইস্যুর ওপর আলোকপাত করা। ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের প্রাক্কালে বার্তা সংস্থা বিডিনিউজের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মুসলমানদের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের ‘অপপ্রচার’ সম্পর্কে সাবেক রাষ্ট্রপতি বলেন, মুসলিম বিশ্ব সর্বত্র নির্যাতনের শিকার।
তিনি বলেন, আমরা নির্যাতিত এবং একই সাথে বঞ্চিত। এ ইস্যুগুলোকে বিবেচনায় না আনলে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ সফল হবে না।
পশ্চিমা বিশ্ব কর্তৃক মুসলমান ও মুসলিম বিশ্বকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, ফিলিস্তিনীরা স্বাধীনতার জন্যে যুদ্ধ করছে। কিন্তু তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা সন্ত্রাসী না, তারা মুক্তিযোদ্ধা।
এরশাদ বলেন, ফিলিস্তিন, আফগানিস্তান ও কাশ্মিরসহ মুসলিম বিশ্বের সমস্যা সমাধান না করলে সন্ত্রাস বাড়তেই থাকবে এবং কেউ তা দমন করতে পারবে না।
দারিদ্র বিমোমচনে অর্থ ব্যয়ের সুপারিশ করে তিনি বলেন এতে ভালো ফল পাওয়া যাবে। অন্যথায় কেউ সন্ত্রাস দমন করতে পারবে না।
ঢাকায় অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সার্ক সম্মেলনের সফলতা কামনা করে তিনি বলেন, সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর উচিত অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করা। অর্থনৈতিক সমস্যার নিরসন হলে সন্ত্রাস আপনা আপনিই কমে যাবে।
দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) সম্পর্কে এরশাদ বলেন, এটা অসম চুক্তি। আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে এই চুক্তি সার্কের স্বল্পোন্নত দেশগুলোকে আরও পিছিয়ে দেবে।
তিনি বলেন, বাস্তবিক অর্থে এই অঞ্চলে অর্থনৈতিক সমন্বয়তার লক্ষ্যে সাফটার সফলতার জন্যে সার্কের উন্নয়নশীল দেশগুলোকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, চুক্তি অনুযায়ী শুল্ক প্রথা বাতিলের কারণে স্বল্পোন্নত দেশগুলো রাজস্ব আয় কমে যাওয়ায় তা পুষিয়ে নিতে স্বল্পোন্নত দেশগুলোর জন্যে ভর্তুকির ব্যবস্থা রাখতে হবে।
