বিএফইউজে’র সাংবাদিক নির্যাতন, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জাতীয় কনভেনশন ১১ নভেম্বর
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) উদ্যোগে ১১ নভেম্বর শুক্রবার সাংবাদিক নির্যাতন, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে।
কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠেয় দিনব্যাপী এ কনভেনশনের উদ্বোধন করবেন সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক মানিক সাহা, হুমায়ুন কবীর বালু, শামছুর রহমান, দীপংকর চক্রবর্তী এবং হারুন অর রশিদের পরিবারের সদস্যরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বক্তব্য রাখবেন, ড. কামাল হোসেন, ডা. বদরুদ্দোজা চৌধুরী, আনোয়ার হোসেন মঞ্জু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মুজাহিদুল ইসলাম সেলিম, গোলাম কাদের, আসম আবদুর রব প্রমুখ। কনভেনশনে সারা দেশ থেকে আসা সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখবেন।
বিএফইউজে’র সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এবং মহাসচিব মঞ্জুরুল আহসান বুলবুল এক বিবৃতিতে কনভেনশন সফল করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে কনভেনশন সফল করার লক্ষ্যে বিএফইউজ-এর ঢাকায় অবস্থানরত সকল নির্বাহী সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সকল সদস্য ও প্রাক্তন নেতৃবৃন্দের যৌথ সভা ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ঢাকা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠেয় সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত হতে বিএফইউজের মহাসচিব এবং ডিইউজের সাধারণ সম্পাদক অনুরোধ জানিয়েছেন।
