পাহাড়ে ডিজিটাল টেলিফোনের নামে ৫ কোটি টাকা লোপাট
পার্বত্য চট্টগ্রাম এলাকায় ডিজিটাল রোডিও লিঙ্ক ও টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন প্রকল্পে চীনের একটি কোম্পানির বিরুদ্ধে পাঁচ কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে।
তার ও টেলিফোন (টিএন্ডটি) বোর্ড সূত্র জানায়, চীনের নিমবো সাকসেস ইনফরমেশন কোম্পানী ২০০১-২ সালে ১০০ কোটি টাকা ব্যয়ে পার্বত্যাঞ্চলে ডিজিটাল রোডিও লিঙ্ক ও টেলিফোন এক্সচেঞ্জ স্থাপনের কাজ করার অনুমতি পায়। ওই কাজ শুরু করার আগে ডাউন পেমেন্ট হিসেবে তারা ৫% অর্থাৎ ৫ কোটি টাকা উত্তোলন করে ।
জানা যায়, কিন্তু এতোদিন পরেও কোম্পানিটি কাজ তো করেইনি উপরন্তু তারা গা ঢাকা দিয়েছে।
এদিকে প্রভাবশালী একটি মহলের চাপের মুখে সরকার ওই কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না।
টিএন্ডটি বোর্ড সূত্রে জানা যায়, চুক্তি অনুযায়ী ২০০৬ সালের মধ্যে কাজ শেষ না করলে অভিযুক্ত কোম্পানিটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
