ঈদের ছুটিতে কক্সবাজার এবং কুয়াকাটায় পর্যটকদের ঢল
পবিত্র ঈদের আনন্দকে আরো আনন্দময় করে তুলতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে এসেছে পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজার ও কুয়াকাটায়।
ঈদের দিন থেকে এখন পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে দুই লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটেছে। শহরের আড়াই শতাধিক আবাসিক হোটেল, মোটেল ও রেস্ট হাউসগুলোতে তিল ধারনের ঠাঁই নেই। ঈদের পরদিন রাতে শত শত পর্যটককে হোটেলে সিট না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে রাত কাটাতে দেখা গেছে।
কক্সবাজার শহরের হোটেল, মোটেল ও আবাসিক রেস্ট হাউজগুলোতে প্রায় ৪০ হাজার লোকের থাকার ব্যবস্থা রয়েছে। তাই অধিকাংশ হোটেলেই একই রুমে ৫/১০ জন করে পর্যটককে অবস্থান করতে হচ্ছে।
অধিকাংশ আবাসিক হোটেলেই ১০০/১৫০ টাকা দরের রুম ভাড়া নেয়া হচ্ছে ৮০০/১০০০ টাকায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা এই বিষয়টিকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন।
পাশাপাশি সমুদ্র সৈকতে গড়ে ওঠা ঝিনুক শামুকসহ বিভিন্ন দোকানে গলাকাটা দাম আদায় করা হচ্ছে। পর্যটকরাও বাধ্য হয়ে কিনছেন।
সবচেয়ে বেশী ভোগান্তিতে ফেলছে রিক্সাচালকরা। তারাও পর্যটকদের কাছ থেকে ৫ টাকার ভাড়া ২০/৩০ টাকা আদায় করছে। তাছাড়াও কিছু রিক্সাচালকের সাথে কলাতলী সৈকত আবাসিক এলাকায় গড়ে উঠা আবাসিক গেস্ট হাউজগুলোর কমিশন ভিত্তিক কনট্রাক্ট থাকায় তারা পর্যটকদের সেসব হোটেলগুলোতে নিয়ে যাচ্ছে। এতে পর্যটকরা নাজেহাল হচ্ছেন।
বৃহস্পতিবার থেকে কক্সবাজার শহরে পর্যটক আসা শুরু হয়েছে। শুক্রবার ঈদ হওয়ায় অনেক পর্যটক কক্সবাজারেই ঈদের নামাজ আদায় করেছেন। শুক্রবার কক্সবাজার শহর ও সমুদ্র সৈকত জমজমাট হয়ে উঠে পর্যটকদের ভিড়ে। শহরের আড়াই শতাধিক হোটেল পূর্ণ হয়ে যায়। এ সকল হোটেল মোটেলের অধিকাংশই রমজান মাসেই বুকিং করে রাখা হয়েছিল।
হোটেল সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত অধিকাংশ হোটেল মোটেলই আগাম বুকিং হয়ে আছে। এখন যারা বুকিং ছাড়া কক্সবাজারে আসছেন তারা হোটেল সমস্যায় পড়ছেন।
প্রতিবছর ঈদকে সামনে রেখেই কক্সবাজার সমুদ্র সৈকতে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটে। যতই বছর যাচ্ছে এ সংখ্যা দিন দিন বাড়ছে। এবার ঈদকে সামনে রেখে গত চার দিনে দুই লক্ষাধিক লোকের সমাবেশ ঘটেছে। আশা করা হচ্ছে আগামী ১০ দিনে কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে ১৫ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটবে।
স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর ব্যবস্থা নিলেও হোটেল মালিক ও রিক্সাচালকদের জালিয়াতির ব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছে না।
কয়েকজন পর্যটক বিডিনিউজকে জানান, তারা এতো মানুষ এক সাথে কখনো দেখেননি।
এভাবেই কক্সবাজারে ঈদ লাখো পর্যটকের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিন আসছে হাজার হাজার দেশী বিদেশী পর্যটক। তবে বিদেশীর সংখ্যা খুবই কম।
এদিকে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটক ও দর্শণার্থীদের ভিড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এখানে হোটেল-মোটেলগুলোতে তিল ধারনের ঠাঁই নেই।
ঈদের পরদিন থেকে যাত্রীবাহী বাস, মিনিবাস, মাইক্রো এবং প্রাইভেটকারের যেন বহর নেমেছে।
পর্যটক দর্শণার্থীদের অধিকাংশ এসেছেন পরিবারকেন্দ্রিক ভ্রমনে।
দীর্ঘ মন্দা ব্যবসার পরে পর্যটক দর্শণার্থীদের উপচে পড়া ভিড়ে ব্যবসায়ীদের মুখেও হাসি ফুটেছে।
