২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর ও কুমিল্লায় পৃথক বোমা হামলায় শায়খ আ. রহমান ও বাংলা ভাইসহ ২৫জনের বিরুদ্ধে চার্জশিট

চাঁদপুর ও কুমিল্লায় পৃথক বোমা হামলার ঘটনায় শায়খ আ. রহমান ও বাংলা ভাইসহ ২৫ জেএমবি কর্মীর বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

বিডিনিউজ চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর জেলা জজ কোর্টে ৩ অক্টোবর বোমা হামলার ঘটনায় রোববার ১৫ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।

মামলা দায়েরের ৩৫ দিন পর তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি রুস্তুম আলম এবং চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মতিউল ইসলাম চাঁদপুর আদালতে এ চার্জশিট প্রদান করেন।

বোমা হামলার ঘটনায় কোর্ট পুলিশ মোক্তার হোসেন বাদি হয়ে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের বিভিন্ন ধারায় চাঁদপুর থানার দু’টি মামলা দায়ের করেন।

দুটি মামলায় তদন্তকারী কর্মকর্তারা জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, তার ভাই আতাউর রহমন সানি এবং জেএমজেবি প্রধান ছিদ্দিকুর রহমান বাংলা ভাই এবং । গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য আবুল কালম আজাদ ওরফে রাশেদ, সোহরাব হোসেন বিল্লাল, মাহফুজ খন্দকার, রহমত উল্লাহ, শামীম হোসেন ওরফে সাইফুল্লাহ গালিব ও মাসুম রহমান এবং পলাতক আসামি আবু সুফিয়ান ভূঁইয়া ওরফে জুয়েল,ওসমান গনি সোহাগ ওরফে ওমর, কালাম হোসেন ডিউক, গোফরান ও ইসমাইল, রেজওয়ান হাসান ওরফে রেদওয়ানের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে।

আটককৃত জঙ্গি আবুল কালাম আজাদ, সোহরাব হোসেন বিল্লাল, মাহফুজ খন্দকার, শামীম হোসেন গালিব ও রহমত উল্লাহর ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তি ছাড়াও ৬৭ জন প্রত্যক্ষদর্শীর ১৬১ ধারায় জবানবন্দি নিয়ে এ চার্জশিট দেওয়া হয়।

১৭ অগস্টের বোমা হামলার ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিট ১০ নভেম্বরের মধ্যে দেওয়া হবে বলে সূত্র জানায়।

বিডিনিউজ কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লায় ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় জেএমবি’র ১০ জন নেতাকর্মীকে অভিযুক্ত করে ডিবি পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে। অভিযুক্তদের মধ্যে আটজন কারাগারে আটক এবং দু’জন পলাতক রয়েছে।

ডিবি পুলিশের তদন্তকারী দারগা রফিকুল ইসলাম ঈদের আগের দিন বৃহস্পতিবার আদালতে এ চার্জশিট দাখিল করেন।

মামলায় বিভিন্ন শ্রেণী-পেশার ৪৯ জনকে সাক্ষী করা হয়।