২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার ডুমুরিয়া ইউএনও অফিস, থানা, রংপুর পুলিশ ক্যাম্প উড়িয়ে দেয়ার হুমকি

খুলনার ডুমুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ডুমুরিয়া থানা এবং রংপুর পুলিশ ক্যাম্প বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

১৫ নভেম্বরের মধ্যে এসকল স্থাপনা বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে রোববার ডাক যোগে পাঠানো এক চিঠির মাধ্যমে জেএমবি এ হুমকি দিয়েছে। চিঠিতে নির্বাহী কার্যালয় ও থানার ওসিসহ তাদের পরিবারের সদস্যদের হত্যারও হুমকি দেয়া হয়।

উপজেলা প্রশাসন ও থানা সূত্রে জানা যায়, সকাল ১০ টায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার হওলাদার মো. রকিবুল বারী ডাকযোগে জেএমবি সদস্যদের পাঠানো এই চিঠি পান।

উপজেলা কর্মকর্তা হাওলাদার মো. রফিকুল বারী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ জিয়াউজ্জামান জিয়া চিঠির সত্যতা স্বীকার করেছেন।

চিঠিতে বলা হয়, আপনি ভাল আছেন? জেএমবি’র সাত সদস্য-মিলন, নবী, গোলাম, শান্ত, গোপাল, রবি ও ধীরেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ডুমুরিয়া থানা এবং উপজেলার রংপুর ইউনিয়ন পুলিশ ক্যাম্প বোমা মেরে উড়িয়ে দেবে।

এছাড়া, নির্বাহী কর্মকর্তা ও ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়া হয়। চিঠির শেষে কমান্ডার শব্দটি লেখা আছে।

হুমকি পাওয়ার পরপরই উপজেলা নির্বাহী অফিসার ঘটনাটি ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান।

এদিকে হুমকি দিয়ে চিঠি পাঠানোর খবর উপজেলার সর্বত্র দ্রুত ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।