২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলন উপলক্ষে জিয়া’য় এসএসএফ মোতায়েন, নিচ্ছিদ্র নিরাপত্তা

ঢাকায় ১২ও ১৩ নভেম্বর অনুষ্ঠেয় সার্ক সম্মেলন উপলক্ষে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2005, 05:05 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

সম্মেলন উপলক্ষে ৬ নভেম্বর রোববার রাত ১২টা থেকে ১৪ নভেম্বর সোমবার রাত ১২টা পর্যন্ত বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে সেনাবাহিনীর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।

সিভিল এভিয়েশন সূত্র জানায়, সার্ক সম্মেলন চলাকালে জিয়া বিমানবন্দরে থাকছে দ্বিতীয় ও তৃতীয় স্তরের নিরাপত্তা সতর্কতা ‘অরেঞ্জ অ্যালার্ট’ এবং ‘ইয়োলো অ্যালার্ট’। সম্মেলনের সময় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব থাকছে এসএসএফ। তাদের সহায়তা করবে র‌্যাব, অতিরিক্ত পুলিশ, আনসার ও সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৬ নভেম্বর রাত ১২টা থেকে ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত জিয়া বিমানবন্দরে ইয়োলো অ্যালার্ট এবং ১০ নভেম্বর রাত ১২ টা থেকে ১১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট জারি হচ্ছে। বিমাবন্দরে ১১ নভেম্বর রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা ইয়োলো অ্যালার্ট এবং ১২ নভেম্বর রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টা অরেঞ্জ অ্যালার্ট জারি থাকবে।

এরই মধ্যে বিমানবন্দরে সক্রিয় ১৭টি সামরিক-বেসামরিক নিরাপত্তা সংস্থার সদস্যরা সার্ক সম্মেলনকে নির্বিঘ্ন করতে জিয়া বিমানবন্দরে নিরাপত্তার মহড়া দিয়েছেন। সেখানে ডগ স্কোয়াড দিয়ে চালানো হচ্ছে তল্লাশি।

জিয়া বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) আজাদ জহিরুল ইসলাম বিডিনিউজকে জানান, সার্ক সম্মেলন উপলক্ষে ৬ নভেম্বর রাত ১২টা থেকে পরবর্তী সাতদিন জিয়া বিমানবন্দর সিল করে দেওয়া হবে। তবে এসময় যাত্রী চলাচলে কোনও বিঘ্ন ঘটবে না।

সিএসও জানান, সার্ক সম্মেলনের নিরাপত্তা নিশ্চিত করতে অরেঞ্জ অ্যালার্ট চলাকালে বিমানবন্দরে শুধু যাত্রীরাই প্রবেশ করতে পারবেন। এসময় কোনও দর্শনার্থীকে বিমানবন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।