বরিশালে ঈদের দিনে স্বামীর হাতে খুন
ঈদের দিনে বরিশালে স্বামীর হাতে খুন হয়েছেন কানাডীয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সিডা’র কর্মকর্তা দিলরূবা হক পাপিয়া (৩৪)। শহরের কলেজ রোড এলাকায় শ্বশুর বাড়িতে নিহত হন তিনি। ঢাকার অদুরে গাজীপুরে ছিলো তার কর্মস্থল।
সূত্র জানায়, নিহতের পিতা এ ঘটনায় মামলা দায়ের করতে চাইলে পুলিশ তা নিতে অস্বীকৃতি জানায়। উপরন্তু পুলিশের সহযোগিতা নিয়ে ঘাতক স্বামীর পরিবার তরিঘড়ি করে লাশ কবর দেয়।
নিহতের পিতা শাহ জাফরুল হক ঢাকা মৌচাকের বাসিন্দা। তিনি জানান, পাপিয়া সিডা’র লিগ্যাল এইড কো-অর্ডিনেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী মামুন মোর্শেদ তুহিন কলেজ রোডেই বাস করেন।
পারিবারিক সূত্র জানায়, পাপিয়া শুক্রবার ঈদের দিন সকালে তার স্বামীর সাথে শ্বশুর বাড়িতে যান এবং বিকেলে তাকে হত্যা করা হয়।
শ্বশুরবাড়ির লোকেরা হত্যার ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করে এবং অসুস্থ্যতার জন্যে তার মৃত্যু হয়েছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। তারা তড়িঘড়ি করে তাকে কবরস্থ করে।
খবর পেয়ে পাপিয়ার পরিবারের লোকেরা বরিশাল ছুটে যান এবং তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করেন।
পরিবারের সদস্যরা বিডিনিউজকে জানান, হত্যাকারী তুহিন মাদকাসক্ত। তার নিজের কোনও আয় ছিলো না এবং অনেক দিন ধরেই টাকার জন্যে স্ত্রীর ওপর বিভিন্ন ধরনের অত্যাচার চালাতো। তারই ধারাবাহিকতায় পাপিয়াকে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন।
