চট্টগ্রামে পৃথক দুটি দুর্ঘটনায় নিহত ৩ আহত ২
চট্টগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শুক্রবার সকালে একজন কাস্টমস ইন্সপেক্টরসহ তিনজন নিহত এবং দুজন আহত হয়েছে।
জেলার শীতাকুন্ড উপজেলার চুতকুমিরা এলাকায় সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম কাস্টমস ইন্সপেক্টর (ভ্যাট) রফিকুল ইসলাম (৪৫) কে বহনকারী মাইক্রোবাসের সাথে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ হলে তিনি ও চালক মানির হোসেন (২৫) ঘটনাস্থলেই প্রাণ হারান।
রফিকুল ইসলাম ঈদ উদযাপনের জন্যে ঢাকা থেকে ফেনীতে তার গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
এর আগে সকাল সাড়ে সাতটায় পটিয়া উপজেলার জঙ্গলখইন এলাকায় একটি সিএনজি অটো রিক্সার সাথে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটলে অটোরিক্সার যাত্রী নিজামউদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। এর অপর যাত্রী ও চালক গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উভয় দুর্ঘটনার ক্ষেত্রেই ঘাতক বাসের চালক ঘটনার পরপরই পালিয়ে যায়।
মৃতদেহগুলো ময়না তদেন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
উভয় ঘটনায় স্ব-স্ব থানায় পৃথক মামলা হয়েছে।
