দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার আগাম ঈদ উদযাপিত
পটুয়াখালী, চাঁদপুর ও পাবনার বিভিন্ন স্থানে বৃস্পতিবার আগাম ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে তারা অন্যান্য বছরের মতো এবারও ওই অঞ্চলগুলোতে দেশে অনুষ্ঠিত ঈদের একদিন আগে ঈদ উদযাপন করে।
বৃহস্পতিবার ঈদ উদযাপনকারীদের মধ্যে রয়েছে পটুয়াখালীতে দুই শতাধিক পরিবার, পাবনায় ৩২টি পরিবার এবং চাঁদপুরে ২৫টি গ্রামের মানুষ।
বিডিনিউজ পটুয়াখালী প্রতিনিধি জানান, জেলার বদরপুর ইউনিয়নের দু’শতাধিক পরিবার বৃহস্পতিবার ঈদ উদযাপন করেছে। বৃহস্পতিবার ঈদ উদযাপনকারীরা স্থানীয়ভাবে বদরপুর দরবার শরীফের মুরিদ ও চাঁনতারা সমর্থক হিসেবে পরিচিত।
বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সারোয়ার বিডিনিউজকে জানান, প্রতিবছরই তারা সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আজহা উদযাপন করে এবং রমজানের রোজা রাখে। বদরপুর দরবার শরীফের প্রতিনিধি মওলানা নাজমুস শাহাদাত জানান, বদরপুর দরবার শরীফ মাঠে অনুষ্ঠিত ঈদের নামাজে ইমামতি করেন মওলানা আবদুল গনি।
পাবনা প্রতিনিধি জানান, পাবনার সুজানগর উপজেলায় বদনপুর গ্রামে ৩২টি পরিবার বৃহস্পতিবার ঈদ পালন করে। সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে ৩০ রোজা পালন শেষে বৃহস্পতিবার সকাল ৯টায় দুলাই বদনপুর গ্রামের শাহ নিকিত দরবার শরীফে তারা ঈদের নামাজ আদায় করে। এতে ইমামতি করেন শাহ সুফি আরশেদ আলী।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে ২৫টি গ্রামের মানুষ বৃহস্পতিবার ঈদ পালন করেছে বলে জানা গেছে।
কয়েকজন পীরের অনুসারী সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে প্রতি বছর ঈদের একদিন আগে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন করে থাকে
এদিকে বরিশাল প্রতিনিধি জানান, আবার বরিশালের বাবুগঞ্জ ও পটুয়াখালীর কলাপাড়ায় এক পীরের অনুসারি প্রায় দুই হাজার পরিবার ঈদের দু’দিন আগে বুধবার ঈদ উদযাপন করে।
