খুলনায় ক্রসফায়ারে বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নিহত
খুলনার বটিয়াঘাটায় বৃহস্পতিবার ভোরে পুলিশের ক্রসফায়ারে নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা প্রজাপতি বিশ্বাস ওরফে প্রদীপ বিশ্বাস (৩৫) নিহত হয়েছে।
পুলিশ সূত্র জানায়, প্রজাপতি বিশ্বাসকে মঙ্গলবার রাতে বটিয়াঘাটার বলাবুনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী ও অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।
তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ তাকে সাথে নিয়ে টেংরামুখি নামক স্থানে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রদীপের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় প্রদীপ পুলিশ হেফাজত থেকে পালানোর সময় ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশী বন্দুক, একটি এয়ার গান এবং চার রাউণ্ড গুলি উদ্ধার করে।
প্রদীপের বিরুদ্ধে ট্রিপল মার্ডারসহ ৬টি মামলা রয়েছে।
