ঢাকা ঘোষণার মধ্য দিয়ে সার্ক নেতৃবৃন্দ সন্ত্রাসের বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ হতে যাচ্ছেন
আলোচ্যসূচিতে না থাকলেও আসন্ন ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ইস্যু নিয়ে আলোচনা করতে পারেন এবং ধারণা করা হচ্ছে এ ব্যাপারে ঢাকা ঘোষণার মাধ্যমে একটি অঙ্গীকার গ্রহণ করা হবে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, খসড়া আলোচ্যসূচিতে অর্থায়ন কৌশল, দারিদ্র বিমোচন, সার্কের প্রাতিষ্ঠানিকীকরণ, মন্ত্রণালয়ের সমন্বয় এবং গত ২০ বছরে সার্কের বিভিন্ন ক্ষেত্রে চিহ্নিত সমস্যাসহ মূলত উন্নয়ন ও সামাজিক খাতের ওপর আলোকপাত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, ঢাকা ঘোষণার মাধ্যমে দারিদ্র বিমোচন, অর্থনীতি, সন্ত্রাসবাদ এবং দুযোর্গ ব্যবস্থাপনা কৌশল এবং আগের সিদ্ধান্তসমূহ বাস্তায়ন অনুমোদনের জন্যে সম্মেলনের শেষ দিন সার্ক নেতৃবৃন্দের সামনে পেশ করা হবে।
এদিকে পাকিস্তান বুধবার ‘সার্ক কনভেনশন অন সাপ্রেশন অব টেরোরিজম’ অনুসমর্থন করেছে। পাকিস্তান বলেছে এ কনভেনশনের মাধ্যমে দেশ থেকে উগ্রপন্থীদের মূল উৎপাটন করা সম্ভব হবে।
পাকিস্তানের পররাষ্ট্র দফতরের একটি বিবৃতিতে বলা হয়, এ কনভেনশন অনুসমর্থনের মাধ্যমে পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং তার সাফল্যের পথে আরো এক ধাপ এগিয়ে গেলো।
