সার্ক সম্মেলনে ভারত ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট ইস্যু উত্থাপন করবে
সার্ক শীষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে বাংলাদেশ হয়ে দেশের অন্যত্র মালামাল পাচার ও সরবরাহ কাজে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট ইস্যু নিয়ে আলোচনা উত্থাপন করবেন।
সম্প্রতি ত্রিপুরা সফরকালে প্রধানমন্ত্রী ড. সিং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে ত্রিপুরা মন্ত্রী পরিষদের সাথে আলাপ কালে এ ব্যাপারে ইঙ্গিত দেন। সফরকালে মন্ত্রী পরিষদের হয়ে মুখ্যমন্ত্রী এ সংক্রান্ত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছিলেন। যে স্মারকলিপিতে বাংলাদেশের মধ্যদিয়ে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা গ্রহণের প্রস্তাব দেয়া হয়েছিলো।
ত্রিপুরায় মনমোহন সিং বলেছিলেন, আমি শিগগিরই ঢাকায় সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছি এবং সেখানে বিষয়টি উত্থাপন করা হবে। আমি আশা করি এর মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের সাথে দেশের বাকি অংশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার হওয়ার পথ তৈরি হবে।
আগড়তলায় সাংবাদিকদের সাথে আলাপকালে মানিক সরকার বলেন, সার্বিকভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার জন্যে এবং বিশেষ ক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলের জন্যে ত্রিপুরা একটি গেটওয়ে হিসেবে কাজ করতে পারে। কারণ বাংলাদেশের চট্টগ্রাম বন্দর দক্ষিণ ত্রিপুরা থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে। এদিকে আগড়তলা থেকে বাংলাদেশের আশুগঞ্জ বন্দর মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।
